পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে ভোটে হেরে যাবেন বলে সেখানে ভোটের মুখে বিজেপি যে জনমত সমীক্ষা বের করেছে, তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পরামর্শদাতা সংস্থা 'আইপ্যাক' সেটিকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে।
সব চেয়ে বড় কথা, বিজেপির দাবি, সমীক্ষাটি স্বয়ং প্রশান্ত কিশোরের 'ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি' বা আইপ্যাক-এর অফিস থেকেই ফাঁস হয়েছে। সঙ্গে সঙ্গে প্রশান্ত কিশোর সাংবাদিকদের জানান, বিজেপি ডাহা মিথ্যে কথা বলছে। নন্দীগ্রামে ওরা জিততে পারবে না জেনেই কর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য এই ভুয়ো সমীক্ষা প্রচার করছে।
প্রশান্ত কিশোর বলেন, "ওরা ছবি দিয়েছে একটি ডেস্কটপ কম্পিউটার স্ক্রিনের। কিন্তু আমাদের অফিসের কেউ ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করেন না। ভোটের আগে এবং ভোট চলাকালীন বিজেপি এই রকম রাশিরাশি মিথ্যা খবর ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে। আর কে না জানে, বিজেপির আইটি সেল কত লক্ষ টাকা এই ভুয়া খবর রটানোর জন্য অকাতরে ঢেলে থাকে।"
এ ব্যাপারে বিশেষজ্ঞদের মত হল, পশ্চিমবঙ্গে ভোটের সময় জনমত সমীক্ষা অধিকাংশ ক্ষেত্রেই ভুল প্রমাণিত হয়েছে। তা ছাড়া বুথ ফেরত সমীক্ষা, যাকে এক্সিট পোল বলা হয়, সেটা সাধারণভাবে জনমত সমীক্ষা অথবা ওপিনিয়ন পোলের থেকে বেশি নির্ভরযোগ্য।
তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এখন জনমত সমীক্ষা প্রকাশ করা গেলেও এক্সিট পোল সব কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়ে যাওয়ার এক ঘণ্টার পরে প্রকাশ করা যাবে। সেই অনুযায়ী প্রথম দফা ভোট হয়ে যাওয়ার পর এক্সিট পোল শুধু নিয়ে রাখা হয়েছে। আগামীকাল নন্দীগ্রাম সহ রাজ্যের অন্যান্য কেন্দ্রে দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা
Your browser doesn’t support HTML5
নন্দীগ্রাম সহ রাজ্যের অন্যান্য কেন্দ্রে দ্বিতীয় দফার ভোট গ্রহণ আগামীকাল