বাংলাদেশের শিক্ষামন্ত্রী দিপু মনি জানিয়েছেন মাধ্যমিক বা এসএসসি ও উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা সশরীরে না নিয়ে বিকল্প পদ্ধতিতে কীভাবে নেয়া যায়, সে বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার।
রোববার ঢাকায় জাতিয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ তথ্য জানিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে থাকার আহ্বান জানান। করোনার কারণে গতবছরের ১৭ই মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান এবং সেই সাথে এইচএসসি পরীক্ষাও বাতিল হয়েছে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় করোনা পরিস্থিতির উন্নতি হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর ৬০ দিন ক্লাস নিয়ে এসএসসি এবং ৮৪ দিন ক্লাস নিয়ে এইচএসসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। শিক্ষামন্ত্রী বলেন করোনা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষা সশরীরে নেয়া যাবে কি না সেই বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
তিনি আরও আরও জানান গত ১৩ই মে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি থাকলেও করোনা পরিস্থিতি কারণে তা সম্ভব হয় নাই। শিক্ষাপ্রতিষ্ঠান ঝুঁকি নিয়ে খোলা সম্ভব নয় বলে উল্লেখ করে তিনি বলেন শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলে দেয়ার মতো সিদ্ধান্ত সরকার নেবে না।