পশ্চিমবঙ্গ সরকার ও রেল কর্তৃপক্ষের মধ্যে দফায় দফায় বৈঠকের পর শেষ পর্যন্ত ঠিক হয়েছে বুধবার থেকে রাজ্যে আবার লোকাল ট্রেন চালু হবে। এ খবরে রেল যাত্রীরা খুবই খুশি। রেল জানিয়েছে, স্টেশনে ও ট্রেনের কামরায় স্যানিটাইজেশনের কাজ শুরু হয়ে গিয়েছে। করোনা সংক্রান্ত সমস্ত বাধানিষেধ মেনেই যাত্রীদের ট্রেনে উঠতে হবে।
করোনা পরিস্থিতির জন্য মাস্ক-স্যানিটাইজার ইত্যাদি বাধ্যতামূলক, শারীরিক দূরত্বও বজায় রাখতে হবে। তবে সেটা কী ভাবে সম্ভব, তা যাত্রী কিংবা প্রশাসন কিংবা রেল, কারওই ঠিকমতো জানা নেই। বাস চালু হওয়ার পর সেগুলোতে গাদাগাদি ভিড় হয়েই চলেছে। ট্রেন চালু হলে লোকাল ট্রেনের ওপর নির্ভর যাত্রীরা অনেকটাই স্বস্তিতে চলাফেরা করতে পারবেন। এখন অবধি ঠিক হয়েছে, শিয়ালদা ডিভিশনে ৪১৩টি আর হাওড়া ডিভিশনে ২০২টি ট্রেন চালানো হবে। সব মিলিয়ে ৬১৫টি।
শিয়ালদার ট্রেনের মধ্যে বেশিরভাগই চলবে নর্থ লাইনে, ১৭০টি চলবে সাউথ লাইনে। দরকার হলে সংখ্যা আরও বাড়তে পারে। কোন ট্রেন কখন চলবে সেই সব তথ্যসহ টাইমটেবিল স্টেশনে তো পাওয়া যাবেই, রেলের ওয়েবসাইটেও পাওয়া যাবে। আর যে সব যাত্রীর লোকাল ট্রেনের মান্থলি টিকিট শেষ হয়ে গিয়েছে, সে গুলোকে আবার কার্যকর করা হবে। আজ সোমবার সকাল আটটা থেকেই সব টিকিট কাউন্টার খুলে গিয়েছে মান্থলি টিকিটের জন্য। বুধবারের লোকাল ট্রেন চলার আশায় এখন যাত্রীরা সাগ্রহে অপেক্ষা করে আছেন। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা
Your browser doesn’t support HTML5
বুধবার থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে আবার লোকাল ট্রেন চালু হবে