ভারত সরকার যুক্তরাষ্ট্রের বিমান সংস্থাগুলোর ওপর থেকে ভারতে বিমান চলাচলের ব্যাপারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।
যুক্তরাষ্ট্রের বিমান দফতরের তরফে এই খবর জানিয়ে বলা হয়েছে, এর ফলে ভারতের এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক বিশেষ উড়ান বন্দে ভারতের ওপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তাও তুলে নেওয়া হল। মনে থাকতে পারে, কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে ভারতের একতরফা বিমান চলাচলের বিষয় ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, এয়ার ইন্ডিয়া বন্দে ভারত উড়ানগুলো থেকে যথেষ্টই লাভ করছে।
আটকে পড়া যাত্রীদের নিজের নিজের জায়গায় পৌঁছে দেওয়ার নাম করে তাঁদের কাছ থেকে পুরোপুরি বিমান ভাড়া আদায় করা হচ্ছে। অথচ যুক্তরাষ্ট্রের বিমান সংস্থাগুলোকে ভারতে যাত্রী নিয়ে যাওয়া আসার অনুমতি দেওয়া হচ্ছে না। এটা ট্রাম্পের মতে দু'দেশের বিমান চলাচল চুক্তির লঙ্ঘন। যতদিন না সমান অনুপাতে উড়ান চালু হয় ততদিন বন্দে ভারত প্রকল্প নিষিদ্ধ থাকবে। এখন ভারত যুক্তরাষ্ট্রের বিমান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার পর যুক্তরাষ্ট্রও আর বন্দে ভারত নিয়ে নিষেধাজ্ঞা জারি রাখবে না বলে ঘোষণা করেছে। আজ সোমবার ভারতের বিমান মন্ত্রক বলেছে, শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয়, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইত্যাদি আরও বহু দেশের সঙ্গে ভারতের বিমান যোগাযোগ শুরু হচ্ছে জুলাই মাস থেকেই।দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা
Your browser doesn’t support HTML5
ভারত যুক্তরাষ্ট্রের বিমান সংস্থাগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে