বাংলাদেশ সরকার ভাসানচরে রোহিঙ্গা পুনর্বাসন প্রকল্প এগিয়ে নেবার সিদ্ধান্তে অটল

জাতিসংঘ এবং বিভিন্ন দাতাদেশ ও সংস্থার প্রবল আপত্তি এবং ভিন্নমতের পরেও বাংলাদেশ সরকার ভাসানচরে রোহিঙ্গা পুনর্বাসন প্রকল্প ও কর্মসূচি নিয়ে এগিয়ে যাবার সিদ্ধান্তে অটল ও দৃঢ়প্রত্যয়ী রয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ সরকারের এক উচ্চ পর্যায়ের বৈঠকে ভাসানচর প্রকল্পের অধিকতর উন্নয়নের জন্য আরো অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


ইতোপূর্বে ভাসানচর প্রকল্পের জন্য ২ হাজার ৩১২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়, যার কার্যক্রম একেবারে শেষের পথে। কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবারের বৈঠকে অতিরিক্ত প্রায় সাড়ে ৭শ’ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কর্মকর্তারা আর বিস্তারিত কিছুই জানাননি। জানা গেছে, জাতিসংঘ ও দাতাদের প্রতিনিধিরা যাতে ভাসানচরে রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন -সে লক্ষ্যে ভাসানচর প্রকল্পে তাদের জন্য একটি ভবন নির্মাণ করা হবে। এছাড়া আরো কিছু উন্নয়নমূলক কর্মকান্ডের পরিকল্পনা রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

উল্লেখ্য, গত মধ্য নভেম্বরে জাতিসংঘের একটি প্রতিনিধি দলের ভাসানচর পরিদর্শন কর্মসূচি বাতিল করা হয়।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।