বাংলাদেশের একজন ব্যবসায়ী কলকাতায় এসে অপহৃত হন এবং কয়েক লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান বলে পুলিশ বুধবার জানিয়েছে।
বাংলাদেশের ফরিদপুরের সদরহাট থানা এলাকার বাসিন্দা বশির মিঞা তাঁর স্ত্রীর জন্য গয়না কিনতে গত শনিবার কলকাতায় আসেন। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু ইলিয়াস, দুজনেই কাপড়ের ব্যবসা করেন। কলকাতা পুলিশের একজন উচ্চ পদস্থ অফিসার আজ সংবাদসংস্থা পিটিআইকে বশিরের বয়ান উদ্ধৃত করে বলেছেন, কলকাতায় আসার পর শিয়ালদহ অঞ্চলে তাঁদের পূর্ব পরিচিত সেলিম নামে এক ব্যক্তির সঙ্গে দেখা হয়। সেলিম সহ তাঁরা একবার দুবাই গিয়েছিলেন। একটি রেস্তোরাঁয় তাঁরা খাওয়া দাওয়া করেন। বশিরের কাছে গয়না কেনার টাকা আছে টের পেয়ে সেলিম বলে, সে একটা কাজে হাবরা যাচ্ছে, তারাও যেতে পারে। হাবরায় গিয়ে সেলিম ওদের একটা বাড়িতে আটকে রেখে মারধর করে এবং বশিরকে বাধ্য করে বাংলাদেশে তাঁর বাবাকে ফোন করে পঞ্চাশ লক্ষ টাকা চাইতে। অনেক দর কষাকষি করে টাকার অংক ছ'লাখে নামানো হয়। সেই টাকা হাতে পেয়ে সেলিম তাদের ঘড়ি, মোবাইল ফোন, মানিব্যাগ থেকে ৪৪ হাজার টাকা ও সাড়ে সাত হাজার ডলার ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয়। এন্টালি থানায় বশিরের অভিযোগের ভিত্তিতে পুলিশ সেলিমকে খুঁজছে।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে দীপংকর চক্রবর্তী'র রিপোর্ট।