অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে মানবিক সংকট ও মাদক পাচার বিস্তারে আঞ্চলিক শক্তিদের উদ্বেগ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাশিয়ার সোচিতে আলোচনার পরে তাদের যৌথ সংবাদ সম্মেলনের পরে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে হাত মেলাচ্ছেন। ১৩ মে ২০১৯। (ছবি-রয়টার্স/পাভেল গলোভকিন)
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাশিয়ার সোচিতে আলোচনার পরে তাদের যৌথ সংবাদ সম্মেলনের পরে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে হাত মেলাচ্ছেন। ১৩ মে ২০১৯। (ছবি-রয়টার্স/পাভেল গলোভকিন)

রাশিয়া, চীন ও ভারত শুক্রবার আফগানিস্তানে ক্রমবর্ধমান মানবিক সংকট এবং যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে মাদক পাচার ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে।

একটি ভার্চুয়াল ত্রিপক্ষীয় বৈঠকে তিনটি আঞ্চলিক শক্তির পররাষ্ট্রমন্ত্রীরা অন্যান্য বিষয়গুলির মধ্যে আফগান সঙ্কট পর্যালোচনা করেছেন। কাবুলে পশ্চিমা-সমর্থিত সরকারের পতন এবং আগস্টে ইসলামপন্থী তালিবানের ক্ষমতায় ফিরে আসার কারণে আফগানিস্তান এমন এক অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে গেছে যা আগে দেখা যায়নি।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ভারতের এস জয়শঙ্কর এবং চীনের ওয়াং ইয়ের মধ্যে বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, "মন্ত্রীরা আফগানিস্তানের পরিস্থিতির নাটকীয় পরিবর্তনের বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়টি উল্লেখ করেছেন।"

বিবৃতিতে বলা হয়, "আফগানিস্তানের অবনতিশীল মানবিক পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে, মন্ত্রীরা আফগানিস্তানে অবিলম্বে নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন।"

ঐ বিবৃতিতে আফগানিস্তানে সম্প্রতি অনুষ্ঠিত সমস্ত আন্তর্জাতিক এবং আঞ্চলিক বৈঠকগুলির ফলাফল অনুযায়ী পদক্ষেপ নেয়ার জন্য এবং জাতিসংঘে যে প্রাসঙ্গিক প্রস্তাবগুলি নেওয়া হয়েছে তা সম্মান করার জন্য তালিবানের প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিটিতে দৃশ্যত বিশ্বব্যাপী এই আহ্বানের উল্লেখ করা হয়েছে যেখানে ক্ষমতাসীন ইসলামপন্থী গোষ্ঠীকে মানবাধিকার, বিশেষ করে আফগান নারী ও সংখ্যালঘুদের সম্মান করার জন্য, একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে দেশকে শাসন করার এবং সন্ত্রাসবাদের পাশাপাশি মাদকের বিরুদ্ধে লড়াই করার কথা বলা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, "মন্ত্রীরা আফগানিস্তান এবং তার বাইরে থেকে অপিয়েট এবং মেথামফেটামাইনের মতো অবৈধ মাদক পাচারের বিস্তারকে মোকাবেলা করার জন্য তাদের দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন।এই অবৈধ মাদক পাচার আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি এবং তা সন্ত্রাসী সংগঠনগুলিকে অর্থায়ন করে থাকে।"

মস্কো, বেইজিং এবং নয়াদিল্লির মধ্যে শুক্রবারের আলোচনা কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র এবং তালিবানের মধ্যে নতুন দফা আলোচনার সময়ে অনুষ্ঠিত হয়।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি টমাস ওয়েস্ট এবং তালিবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি শনিবার থেকে শুরু হওয়া দুই দিনের বৈঠকে তাদের নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেবেন।

This item is part of
XS
SM
MD
LG