যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলেছে যে তারা আরব সাগরের উত্তর অংশে একটি মাছ ধরার জাহাজ থেকে প্রায় ১৪০০ একে-৪৭ (AK-47) অ্যাসল্ট রাইফেল এবং ২২৬,০০০ গোলাবারুদ জব্দ করেছে।
বুধবার নৌবাহিনীর ৫ম ফ্লিট এক বিবৃতিতে জানিয়েছে, "রাষ্ট্রবিহীন জাহাজটি ইরান থেকে এসেছে বলে শনাক্ত করা হয় এবং ঐতিহাসিকভাবে ইয়েমেনের হুথিদের কাছে অবৈধভাবে অস্ত্র পরিবহনের জন্য ব্যবহৃত একটি নৌ পথ ধরে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করছিল।"
বিবৃতিতে বলা হয়, পাঁচজন ক্রু নিজেদেরকে ইয়েমেনি বলে পরিচয় দিয়েছে এবং তাদের ইয়েমেনে ফেরত পাঠানো হবে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজটিকে বাণিজ্যিক নৌ চলাচলের জন্য বিপত্তি তৈরি করতে পারে, নির্ধারণ করার পর সেটিকে ডুবিয়ে দিয়েছে।
পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে হুথিদের সহায়তার জন্য ইয়েমেনে অস্ত্র পাচারের অভিযোগ করেছে, যা ইরান অস্বীকার করেছে।
হুথিরা ২০১৪ সালে ইয়েমেনের রাজধানীর নিয়ন্ত্রণ নেয় যার পরপরই সৌদি নেতৃত্বাধীন জোট আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারকে সমর্থন করে একটি সামরিক অভিযান শুরু করে।
এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য দ্য অ্যাসোসিয়েটেড প্রেস এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।