করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারো বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ি ১৯শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের তরফে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এর আগে ১৪ই নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছিল।
উল্লেখ্য যে, বাংলাদেশে করোনা ভাইরাসের বিস্তার রোধে ১৭ই মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এক দিন আগে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষর্থীদের কথা বিবেচনা করে ১৪ই নভেম্বরের পর সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
ওদিকে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন। এ নিয়ে মারা গেলেন ৬ হাজার ১৪০ জন। একই সময়ে নমুনা পরীক্ষা করা হয় ১৭ হাজার ১১২ টি। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৪৫ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৮ শতাংশ। মৃতুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। সুস্থতার হার ৮০ দশমিক ৭৮ শতাংশ।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী