ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিশিষ্ট অধিকার কর্মী খুররম পারভেজকে গ্রেপ্তারের সমালোচনা করেছেন মানবাধিকার কর্মীরা।
ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সোমবার গভীর রাতে শ্রীনগরে তার বাড়ি এবং অফিসে তল্লাশি চালানোর সময় খুররম পারভেজকে গ্রেপ্তার করে।
তাকে ভারতের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের অধীনে গ্রেফতার করা হয়েছে। এই আইনের অধীনে কর্তৃপক্ষ যে কাউকে বিচার ছাড়াই ছয় মাস পর্যন্ত আটক রাখতে পারে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক রবার্ট এফ কেনেডি মানবাধিকারের আন্তর্জাতিক পক্ষসমর্থন ও মামলা বিষয়ক ভাইস প্রেসিডেন্ট অ্যাঞ্জেলিটা বেয়েনস ভিওএ কে বলেন "ভারত সরকারের নীতি ক্রমবর্ধমানভাবে আইনকে অস্ত্রে পরিণত করছে। যারা এই অপব্যবহারের কথা বলছেন এবং নিন্দা করছেন তাদের এবং জনাব পারভেজের মতো সাহসী ও স্বীকৃত মানবাধিকার রক্ষকদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে।এটি মানবাধিকার সম্প্রদায়ের বাকিদের কাছে একটি হুমকিমূলক বার্তা পাঠাতে সাহায্য করে যে তারা যদি তাদের কাজ চালিয়ে যাওয়ার সাহস করে তাহলে কি হতে পারে।"
পারভেজ জম্মু ও কাশ্মীর কোয়ালিশন অফ সিভিল সোসাইটির প্রধান।এটি এমন একটি অধিকার গোষ্ঠী যারা ঐ অঞ্চলে ভারতীয় সেনাদের সঙ্গে জড়িত সহিংসতার বিষয়ে প্রতিবেদন তৈরি করে।
ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি পারভেজের গ্রেপ্তারের বিষয়ে কোনো প্রকাশ্য বিবৃতি দেয়নি।