গ্রীসের উপকূলরক্ষীরা জানিয়েছেন ফোলেগ্যান্ড্রোস দ্বীপের উপকূলে একটি নৌকা ডুবে একজন অভিবাসন প্রত্যাশী মারা গেছে এবং বহু নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এথেন্সের প্রায় ১৮০ কিলোমিটার (১১২ মাইল) দক্ষিণ-পূর্বে নৌকাটি ডুবে যাওয়ার পর বুধবার ভোরে শুরু হওয়া চলমান অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। উপকূলরক্ষীরা জানিয়েছে, ১২জন যাদের সবাই ইরাকের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে, তাদের উদ্ধার করে নিকটবর্তী দ্বীপ সান্তোরিনিতে নিয়ে যাওয়া হয়েছে।
বেশিরভাগ জীবিতরা বলছেন যে নৌকায় প্রাথমিকভাবে ৩২ জন লোক ছিল, তবে একজন কর্তৃপক্ষকে জানিয়েছেন নৌকায় প্রায় ৫০জন লোক ছিল।
কোস্টগার্ড জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযানে চারটি কোস্টগার্ড জাহাজ, নৌ ও বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার, একটি সামরিক পরিবহন বিমান, পাঁচটি পাসিং জাহাজ এবং তিনটি ব্যক্তিগত জাহাজ অংশ নিয়েছিল।
কোস্ট গার্ডের মুখপাত্র নিকোস কোক্কালাস রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটিকে বলেছেন “যারা বেঁচে ছিল তারা নৌকার সঙ্গে যুক্ত একটি ডিঙ্গি নৌকায় উঠে পড়ে যার কারণে তারা বেঁচে যায়। তাদের মধ্যে মাত্র দুজন লাইফ জ্যাকেট পরা ছিল।”
"আমরা সবসময় সবচেয়ে খারাপ পরিস্থিতি অনুমান করি, এই ক্ষেত্রে ৫০জন লোক নৌকায় ছিল।"
উপকূলরক্ষীরা জানিয়েছে যে অভিবাসী বহনকারী একটি জাহাজের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার খবর পাওয়ার পর মঙ্গলবার রাতে অভিযান শুরু হয়। এর আগে ফোলেগ্যান্ড্রোসের দক্ষিণে থাকা অবস্থায় ঐ জাহাজে পানি উঠতে শুরু করে।
এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দ্বন্দ্ব ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা লোকদের জন্য ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের অন্যতম জনপ্রিয় পথ হচ্ছে গ্রীস। অনেকে তুরস্কের উপকূল থেকে নিকটবর্তী পূর্ব এজিয়ান গ্রীক দ্বীপপুঞ্জে ডিঙ্গিতে করে পাড়ি দেয়ার চেষ্টা করে।
কিন্তু এখন টহল বৃদ্ধি এবং তুরস্কে দ্রুত ফেরত পাঠানোর অভিযোগের কারণে অনেকেই বড় জাহাজে করে দীর্ঘ পথে যাত্রা করার চেষ্টা করছে। সাইক্লেডের দক্ষিণের দ্বীপগুলির মধ্যে অন্যতম ফোলেগ্যান্ড্রোস, অভিবাসী চোরাচালানকারীদের জন্য সাধারণ যাত্রাপথ নয়।
অন্যান্য জাহাজগুলি তুরস্কের উপকূল থেকে গ্রীক দ্বীপগুলির পাশ দিয়ে সরাসরি ইতালিতে চলে যায়।