অ্যাকসেসিবিলিটি লিংক

চীন ও উত্তর কোরিয়া বিষয়ে একে অপরকে সহযোগিতার আশ্বাস দিলেন কিশিদা ও বাইডেন

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, জাপানের টোকিওতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনের সময় বক্তব্য রাখছেন। ৪ অক্টোবর ২০২১।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, জাপানের টোকিওতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনের সময় বক্তব্য রাখছেন। ৪ অক্টোবর ২০২১।

জাপানের নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সে দেশের নেতা হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রথম আলোচনা করেন।তিনি নিশ্চিত করেন যে চীন ও উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে আঞ্চলিক নিরাপত্তায় সহযোগিতা করা এবং তাদের জোটকে শক্তিশালী করার জন্য তারা কাজ করে যাবেন।

সংসদে নির্বাচিত প্রধানমন্ত্রী কিশিদা সোমবার শপথ নেয়ার পর সাংবাদিকদের বলেন যে বাইডেন তাকে জাপান-নিয়ন্ত্রিত পূর্ব চীন সাগর দ্বীপ সেনকাকু রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের দেয়া প্রতিশ্রুতির বিষয়ে আশ্বস্ত করেছেন। ঐ দ্বীপটিকে চীনও দাবি করে এবং এলাকায় উপকুলরক্ষীদের কার্যক্রম বাড়ানো হয়েছে।

কিশিদা বলেন, বাইডেন "সেনকাকু সহ জাপানের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের দেয়া প্রতিশ্রুতি সম্পর্কে দৃঢ় এক বিবৃতি দিয়েছেন।" দুই নেতা আবারও নিশ্চিত করেছেন যে তারা "চীন ও উত্তর কোরিয়ার মতো প্রতিবেশী অঞ্চলগুলির চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবেলা করবেন।

কিশিদা শক্তিশালী জাপান-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সম্পর্ক এবং সেই সঙ্গে অংশত চীন ও পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার মোকাবেলা করার লক্ষ্যে এশিয়ায় সমমনা গণতান্ত্রিক দেশসমূহ , ইউরোপ ও ব্রিটেনের সঙ্গে অংশীদারিত্বের সম্পর্ককে সমর্থন করেন। কিশিদা জাপানের ক্ষেপণাস্ত্র ও নৌ প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন।

সোমবার কিশিদা গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বাণিজ্যিক অংশীদার চীনের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন। কিন্তু বলেছেন যে পূর্ব এবং দক্ষিণ চীন সাগরে স্থিতাবস্থা পরিবর্তনের চীনের প্রচেষ্টার বিরুদ্ধে "আমাদের অবশ্যই কথা বলা উচিত।"

কিশিদা বলেন, দুই নেতা চীনের ক্রমবর্ধমান আধিপত্যবাদী কার্যকলাপের বিরুদ্ধে আঞ্চলিক গণতান্ত্রিক দেশ সমূহের মধ্যে অংশীদারিত্বের যে মূল লক্ষ্য, উন্মুক্ত ও খোলা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল অর্জন, সে দিকে দিকে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি নিশ্চিত করেছেন।

কিশিদা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম আলোচনা হচ্ছে "জাপান- যুক্তরাষ্ট্র জোটকে আরও উন্নত করার প্রথম পদক্ষেপ"।

সোমবার ২০ মিনিটের ফোন আলাপের শুরুতে বাইডেন কিশিদাকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য অভিনন্দন জানান। নেতারা একে অপরকে তাদের নাম, জো এবং ফুমিও, ডাকবার বিষয়ে সম্মত হন। প্রত্যক্ষ আলোচনার জন্য শিগগির মিলিত হতে এই দুই নেতা সম্মত হন।

XS
SM
MD
LG