হিউস্টনের অ্যাস্ট্রোওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যালে র্যাপার ট্র্যাভিস স্কটের পারফরমেন্সের সময় কমপক্ষে আটজন মারা গেছে এবং আরও অনেকে আহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন অতিরিক্ত লোকের ভিড়ের চাপে এই ঘটনা ঘটে।
হিউস্টন ফায়ার চিফ স্যামুয়েল পিনা এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, শুক্রবার রাত ৯টার পরপরই উৎসব চলাকালীন কর্মকর্তারা “ব্যাপক হতাহতের ঘটনার” ঘোষণা দেয়। প্রায় ৫০ হাজার লোক ঐ কন্সার্টে উপস্থিত ছিল।
স্যামুয়েল পিনা জানান, "মঞ্চের সামনের দিকে ভিড় বাড়তে থাকার কারণে কিছুটা আতঙ্কের সৃষ্টি হলে লোকজন এতে আঘাত পেতে শুরু করে।চাপাচাপির কারণে লোকেরা মাটিতে পড়ে যেতে শুরু করে, অনেকে অজ্ঞান হয়ে যায়।এতে অতিরিক্ত আতঙ্কের সৃষ্টি হয়।"
এর কিছুক্ষণ পরেই অনুষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়। অগ্নিনির্বাপক প্রধান বলেন, "অনেক লোক" এই ঘটনা আহত হয়েছে।
পিনা জানান,কর্মকর্তারা ১৭ জনকে হাসপাতালে নিয়ে গেছেন যাদের মধ্যে ১১ জনের হৃদপিণ্ডে সমস্যা দেখা দেয়। এনআরজি পার্কের ঘটনাস্থলে স্থাপিত মাঠ হাসপাতালে অনেক লোককে চিকিৎসা দেয়া হয়। সারাদিন ওই স্থানে প্রায় ৩০০ জনকে পরীক্ষা করা হয়েছে বলে জানান স্যামুয়েল পিনা।
অ্যাস্ট্রোওয়ার্ল্ড একটি দুই দিনের সঙ্গীত উৎসব যা হিউস্টনে শুক্রবার এবং শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অ্যাস্ট্রোওয়ার্ল্ড ওয়েবসাইট অনুসারে অনুষ্ঠানটির সমস্ত টিকেট বিক্রি হয়ে যায়। শনিবারের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।