সন্দেহভাজন ইসলামিক চরমপন্থীরা নিজারের পশ্চিম একটি আত্মরক্ষা ব্রিগেডের উপর অতর্কিত হামলা চালিয়ে ৬৯ জনকে হত্যা করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মালির কাছাকাছি অস্থিতিশীল সীমান্ত অঞ্চলে সর্বশেষ এই হামলা করা হয়।
বৃহস্পতিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী নিয়ামির উত্তরে প্রায় ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) দূরে বানিবাঙ্গাউয়ের কাছে সপ্তাহের শুরুতে ঐ সংঘর্ষ ঘটে।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবারের হামলায় নিহতদের মধ্যে শহরের মেয়র ছিলেন এবং গ্রামের প্রতিরোধ গোষ্ঠীর অন্য ১৫ জন সদস্য অতর্কিত ঐ হামলায় আহত হয়েছেন।
স্থানীয় আত্মরক্ষা গোষ্ঠীগুলি নিজারের সেনাবাহিনীকে চরমপন্থীদের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করছে। এই বছর চরমপন্থীরা বেসামরিক নাগরিকদের উপর হামলা বাড়িয়ে দিয়েছে এবং এর জন্য ইসলামিক স্টেট-সমর্থিত জঙ্গিদের দায়ী করা হচ্ছে।
উগ্রপন্থী সহিংসতার পুনরুত্থান শুরু হয় জানুয়ারিতে দুটি গ্রামে হামলার মাধ্যমে যাতে অন্তত ১০০জন নিহত হন। পরের মাসে মোটরসাইকেল আরোহী সশস্ত্র বন্দুকধারীদের ধারাবাহিক হামলায় আরও ২৩৭ জন নিহত হন।
ক্রমবর্ধমান সহিংসতা নিজারের প্রেসিডেন্ট মোহামেদ বাজুমের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এপ্রিল মাসে প্রেসিডেন্ট প্রাসাদে সামরিক অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার কয়েক দিন পরেই শপথ নেন প্রেসিডেন্ট মোহামেদ বাজুম।