পাকিস্তানের পুলিশ এবং একজন স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন শনিবার দেশটির দক্ষিণ অঞ্চলের একটি শহরে একটি পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় শক্তিশালী গ্যাস বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ১১ জন আহত হয়েছে।
পুলিশের মুখপাত্র সোহেল জোখিও বলেন, করাচির বন্দর নগরীর শেরশাহ এলাকায় একটি স্থানীয় ব্যাংক ভবনের নিচে নর্দমায় জমে থাকা গ্যাস থেকে কিছু একটা জ্বলে উঠলে বিস্ফোরণ ঘটে।
শক্তিশালী বিস্ফোরণে এইচবিএল ব্যাংক ভবন ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় টেলিভিশন স্টেশনগুলোর সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে শেরশাহ শাখার পুরো কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। মেঝে উড়ে গেছে এবং নর্দমার ময়লা আসবাবপত্রে লেগে রয়েছে। বিস্ফোরণে আশেপাশে পার্ক করা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভবনের অপর পাশে একটি গ্যাস স্টেশনে ধ্বংসাবশেষ উড়ে গিয়ে পড়েছে।
জোখিও বলেন, কী কারণে গ্যাসটি জ্বলে উঠেছিল তা এখনও স্পষ্ট নয় তবে বিস্ফোরক বিশেষজ্ঞদের একটি দলকে তদন্তের জন্য ডাকা হয়েছে।
করাচির ট্রমা সেন্টারের ডাঃ সাবির মেমন জানান বিস্ফোরণে ১০ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে যাদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা গুরুতর। তিনি বলেন, আহত বেশ কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সারাফর নওয়াজ শেখ পরে জানান, আহতদের মধ্যে দুজন হাসপাতালে মারা গেলে মৃতের সংখ্যা ১২-তে পৌঁছায়।
শেখ বলেন, তদন্তকারীরা বিস্ফোরণটি জঙ্গিদের কাজ হতে পারে এই সম্ভাবনাকে নাকচ করে দিচ্ছেন না।তিনি বলেন, "বিস্ফোরক বিশেষজ্ঞরা তাদের কাজ শেষ করার পর আমরা একটি পরিষ্কার ধারণা দিতে পারবো।"
শহরের অনেক পয়ঃনিষ্কাশন পথ বেআইনিভাবে কংক্রিট দিয়ে ঢাকা হয়েছে।
একজন স্থানীয় প্রশাসক মুখতার আব্রো জানান, বিস্ফোরণের এলাকাটিতে খালি করার নোটিশ দেয়া হয়েছিল এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উপর অবৈধ নির্মাণ কাজ ফেলা হবে বলে জানানো হয়েছিল।