ইরানে যুক্তরাষ্ট্রের সাবেক এক জিম্মি বুধবার ভিয়েনায় অনশন শুরু করতে যাচ্ছেন।তেহরানের কারাগারে আটক আমেরিকান ও ইরানি বংশোদ্ভূত অন্যান্য পশ্চিমাদের মুক্তির বিষয়ে একটি চুক্তিতে পৌছাতে যুক্তরাষ্ট্র এবং ইরানের কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করার জন্য তিনি অনশন করতে যাচ্ছেন। তিনি আশা করেন যে এই পদক্ষেপটি দুই পক্ষের মধ্যে পরোক্ষ বন্দি আলোচনায় মাসব্যাপী যে অচলাবস্থা চলছে তা থেকে বেরিয়ে আসতে সহায়তা করবে।
মঙ্গলবার ভিওএ’র ফার্সি বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যারি রোজেন বলেছেন, তিনি অস্ট্রিয়ার রাজধানীতে যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকদের সঙ্গে যে কোনো বৈঠকে বন্দিদের বিষয়টি উত্থাপন করার চেষ্টা করবেন। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বিশ্বশক্তির কাছ থেকে নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচিকে সীমাবদ্ধ করার জন্য ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরায় চালু করার বিষয়ে উভয় পক্ষ সেখানে পৃথক পরোক্ষ আলোচনায় অংশ নিয়েছে।
রোজেন জানান, জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত ২০১৫ সালের চুক্তির বিষয়ে আলোচনার প্রধান স্থান ভিয়েনার প্যালেই কোবার্গ হোটেলের সামনে তিনি অনশন করবেন। তিনি জানান, নিউইয়র্ক থেকে একটি ফ্লাইটে করে স্থানীয় সময় বুধবার সকাল ৮টায় ভিয়েনায় পৌঁছানোর পর সরাসরি ঐ হোটেলে যাওয়ার ইচ্ছা আছে তার।
ইরানে ১৯৭৯ সালে যখন একটি ইসলামি বিপ্লব যুক্তরাষ্ট্র-সমর্থিত রাজতন্ত্রকে উৎখাত করেছিল সে সময়ে তেহরানে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ইসলামপন্থীদের হাতে জিম্মি ৫২জন আমেরিকানদের মধ্যে বর্তমানে ৭৭ বছর বয়সী রোজেনও ছিলেন।