বাংলাদেশের গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় বন্ধে কার্যকর ও যথাযথ ব্যবস্থা নিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রতি নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।
সোমবার (২৪ জানুয়ারি) জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মামুনুর রহমান ও খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
রুলে সড়ক পরিবহন আইন ২০১৮–এর ১২২ ধারা অনুযায়ী বাস, মিনিবাস তথা গণপরিবহনের ভাড়া বৃদ্ধিসংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করতে পারার ব্যর্থতা, আইন অনুযায়ী ভাড়ার তালিকা প্রকাশ্য ও সহজে দৃশ্যমান স্থানে না টানিয়ে ভাড়া আদায় করার বিষয়টি নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতা এবং আইন অনুযায়ী যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় বন্ধ করার ব্যর্থতা কেন বেআইনি ও আইন পরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।
এ ছাড়া রুল পেন্ডিং অবস্থায় আগামী এক মাসের মধ্যে বাস থামার প্রতিটি নির্দিষ্ট জায়গায় প্রকাশ্য ও যাত্রীদের কাছে সহজে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রকাশ এবং ইলেকট্রনিক বিলবোর্ডের মাধ্যমে ওই তালিকা প্রদর্শনের জন্য ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে বিআরটিএ–র প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।
মামলা পরিচালনা করেন রিটের বাদী ও আইনজীবী মো. আবু তালেব। তার সঙ্গে ছিলেন আইনজীবী মোখলেসুর রহমান ও ব্যারিস্টার মুসতাসীম তানজীর।
এর আগে গত ৪ জানুয়ারি রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবু তালেব।