জাতিসংঘের মহাসচিব এ্যান্টনিও গুটিরেজ বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা, ভয়ভীতি ও দমন-পীড়নহীন পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিবের পক্ষ তাঁর মুখপাত্র স্টিফেন ডুজারিকের দেয়া এক বিবৃতিতে এমন আহ্বান জানিয়ে আশা প্রকাশ করা হয়েছে যে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাধিকার প্রয়োগে সংখ্যালঘু, নারীসহ সকল বাংলাদেশি নাগরিক যেন নিরাপদ এবং আস্থা অনুভব করেন তার ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দিয়ে বিবৃতিতে বলা হয়েছে নির্বাচনী প্রক্রিয়ায় সুশীল সমাজ ও পর্যবেক্ষকেরা তাঁদের দায়িত্ব সুষ্ঠু ভাবে পালনে করতে যাতে পূর্ণ সহায়তা পান তার ব্যবস্থা করতে হবে।
বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এদিকে, ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক বৃহস্পতিবার বলেছেন নির্বাচনের প্রচার-প্রচারণায় সংঘর্ষ ও বলপ্রয়োগের ঘটনা খুবই নিন্দনীয়।