অ্যাকসেসিবিলিটি লিংক

হাই স্কুলের চার শিক্ষার্থীকে হত্যার দায়ে অভিযুক্ত কিশোরের বাবা-মা গ্রেফতার

জেইমস এবং জেনিফার ক্রাম্বলিকে মিচের রচেস্টার হিলস-এ
আদালতে তাদের ছেলে ইথান ক্রাম্বলির ভিডিও দেখানোর সময় দেখা যাচ্ছে। ৩ ডিসেম্বর ২০২১। (ছবি-এপি/ডিসট্রিক্ট কোর্ট)
জেইমস এবং জেনিফার ক্রাম্বলিকে মিচের রচেস্টার হিলস-এ আদালতে তাদের ছেলে ইথান ক্রাম্বলির ভিডিও দেখানোর সময় দেখা যাচ্ছে। ৩ ডিসেম্বর ২০২১। (ছবি-এপি/ডিসট্রিক্ট কোর্ট)

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় মিশিগান রাজ্যের পুলিশ জানিয়েছে যে তারা হাই স্কুলে চারজনকে মঙ্গলবার গুলি করে হত্যার দায়ে অভিযুক্ত কিশোরের বাবা-মাকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে জেনিফার এবং জেমস ক্রাম্বলিকে শনিবার ভোরে ডেট্রয়েটে গ্রেপ্তার করা হয়।

একজন আইনজীবী মৃত্যুর ঘটনায় পিতামাতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ দায়ের করেন।

অভিভাবকরা শুক্রবার আদালতে হাজির হতে ব্যর্থ হন যার ফলে পুলিশ ওই দম্পতির জন্য গ্রেফতারী পরোয়ানা জারি করে। স্কুলে গুলির ঘটনার আগে সতর্ক বার্তা উপেক্ষা করার জন্য এবং তাদের ছেলেকে বন্দুক দেয়ার জন্য তাদের বিরুদ্ধে চারজনকে হত্যার অভিযোগ আনা হয়।

অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুসারে, এই দম্পতির আইনজীবী শ্যানন স্মিথ কর্তৃপক্ষকে জানিয়েছেন যে তারা সপ্তাহের শুরুতে নিজেদের নিরাপত্তার জন্য শহর ছেড়ে অন্যত্র চলে যান।

যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী অভিভাবকদের জন্য “ধরিয়ে দিন” পোস্টার প্রকাশ করে। দম্পতির গ্রেফতারে সহায়ক তথ্যের জন্য ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়।

মিশিগানের অক্সফোর্ড শহরের অক্সফোর্ড হাই স্কুলে তাদের ১৫ বছর বয়সী ছেলে ইথান গুলি চালায়। এতে চারজন শিক্ষার্থী মারা যায় ও সাতজন আহত হয়। এই ঘটনার তিন দিন পর ক্রাম্বলি দম্পতির বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

মিশিগানের ওকল্যান্ড কাউন্টির প্রধান আইনজীবী ক্যারেন ম্যাকডোনাল্ড, মিশিগানের ডেট্রয়েটে ডব্লিউজেআর-এএম রেডিওর সঙ্গে এক সাক্ষাত্কারে বলেছেন যে হত্যাকাণ্ডের আগে ক্রাম্বলি দম্পতি যে কাজগুলি করেছেন তা ছিল "অবহেলারও ঊর্ধ্বে"।

বাদী পক্ষের আইনজীবীরা বলেছেন যে ইথান ক্রাম্বলি স্কুলে গুলি চালানোর আগে তার মধ্যে বেশ কিছু ইঙ্গিত লক্ষ্য করা যায়, যার মধ্যে একটি কাগজে হ্যান্ডগানের ছবি রক্তপাতের ছবি আঁকা ছিল ও পাশে লেখা ছিল "সর্বত্র রক্ত", "চিন্তা থামবে না - আমাকে সাহায্য করুন"।

তারা আরও বলেছেন যে একজন শিক্ষক কিশোরটিকে তার ফোনে অনলাইনে গোলাবারুদ খুঁজতে দেখেছেন এবং স্কুলের কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছিলেন।

জেমস এবং জেনিফার ক্রাম্বলিকে গুলির ঘটনার কয়েক ঘন্টা আগে স্কুলে তলব করা হয়েছিল কিন্তু ম্যাকডোনাল্ডের মতে তাদের ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে যাওয়ার বিষয়টিকে তারা "প্রতিরোধ" করেছিলেন।

(এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স এবং এপি থেকে নেয়া হয়েছে)

XS
SM
MD
LG