অ্যাকসেসিবিলিটি লিংক

টিগ্রায়ে ত্রাণ সামগ্রীর অভাবে ইরিত্রিয়ার শরনার্থীরা জীবনের ঝুঁকির সম্মুখীন : জাতিসংঘ

আবরাহা কিনফে গেব্রেমারিয়াম (৪০) নামের এই টিগ্রায়ান একটি উদ্বাস্তু শিবিরে তার ৪ মাস বয়সী যমজ কন্যাদের কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন।
আবরাহা কিনফে গেব্রেমারিয়াম (৪০) নামের এই টিগ্রায়ান একটি উদ্বাস্তু শিবিরে তার ৪ মাস বয়সী যমজ কন্যাদের কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন।

জেনেভা - মানবিক সহায়তার সুযোগ না থাকায়, ইথিওপিয়ার যুদ্ধরত টিগ্রায়ের উত্তরাঞ্চলীয় প্রদেশে হাজার হাজার ইরিত্রিয়ান শরণার্থী জীবনের প্রতি হুমকির মধ্যে বসবাস করছে বলে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) পক্ষ থেকে জানানো হয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার সদস্যরা বলেছেন, তিন সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো টিগ্রায়ের দক্ষিণাঞ্চলে ইরিত্রিয়ান শরণার্থীদের জন্য মাই আইনী এবং আদি হারুশ ক্যাম্প পরিদর্শন করার সময় ওখানকার পরিস্থিতি দেখে তারা সবাই হতবাক হয়ে যায়। তীব্র লড়াই এবং নিরাপত্তার উদ্বেগ থাকায় এখন পর্যন্ত সেখানে পৌঁছানো বেশ ঝুঁকিপূর্ণ।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর মুখপাত্র বরিস চেশিরকভ বলেছেন, তাদের দলটি ভীত সন্ত্রস্ত শরণার্থীদের পর্যাপ্ত খাবারের জন্য প্রতিনিয়ত লড়াই করতে দেখেছে। তিনি বলেন, তাদের ওষুধের অভাব ছাড়াও বিশুদ্ধ পানির সামান্য কিংবা বলতে গেলে কোন রকম সুবিধাই নেই।

চেশিরকভ বলেন, "শরণার্থীরা গত ছয় সপ্তাহে ২০ টিরও বেশি ক্রমবর্ধমান এমন মৃত্যুর কথা ইউএনএইচসিআরকে জানিয়েছে যা প্রতিরোধ করা যেতো। তাদের এই পরিস্থিতি মূলত ওষুধ ও স্বাস্থ্য পরিষেবার অভাবের কারনেই ঘটেছে।" গত জানুয়ারির শুরু থেকে, ওষুধ সম্পূর্ণ ফুরিয়ে যাওয়ার কারণে ক্যাম্পের চিকিত্সা কেন্দ্রগুলো মূলত বন্ধই আছে ।"

২০২০ সালের নভেম্বরে টিগ্রায় প্রদেশে ইথিওপিয়ান সামরিক বাহিনীর অনুপ্রবেশের পর থেকে অবস্থার গুরুতর অবনতি হয়েছে। এরপর থেকে গৃহযুদ্ধ ইথিওপিয়ার উত্তরাঞ্চলের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে। সেখানে কড়াকড়ি ভাবে অবরোধ আরোপের ফলে ডিসেম্বরের মাঝামাঝি থেকে ওই এলাকায় জ্বালানিসহ মানবিক সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না।

চেশিরকভ বলেন, ক্ষুধা চরম আকারে বাড়ছে। কারণ খাদ্য সরবরাহ এই অঞ্চলে নেয়া যাচ্ছে না। তিনি বলেন, দুটি শিবিরে খাবার ফুরিয়ে আসছে এবং শরণার্থীরা খাবার পেতে তাদের কাপড়সহ অন্যান্য জিনিসপত্র বিক্রি করতে বাধ্য হচ্ছে।

চেশিরকভ বলেন, “যদি খাদ্য, ওষুধ, জ্বালানি এবং অন্যান্য সরবরাহ অবিলম্বে আনা না যায়, যদি আমরা শরণার্থীদের বিপদজনক পরিস্থিতি থেকে সরিয়ে নিতে না পারি, এবং আমরা যদি শরনার্থীদের বিপদের পথ থেকে অন্যত্র সরিয়ে নিতে না পারি যেখানে আমরা তাদের জীবন রক্ষাকারী প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে পারব, তাহলে আরও শরণার্থী নিশ্চিত মারা যাবে”।

XS
SM
MD
LG