অ্যাকসেসিবিলিটি লিংক

টিগ্রায়ে সরবরাহের অভাবে বন্ধ হয়ে যেতে পারে মানবিক সহায়তা কার্যক্রম

ফাইল - একজন ইথিওপিয়ান মহিলা উত্তর ইথিওপিয়ার টিগ্রায়  অঞ্চলের আগুলা শহরে রিলিফ সোসাইটি অফ টিগ্রায় বিতরণ করার পরে গম ব্যাগে ভরছেন। ৮ মে ২০২১।
ফাইল - একজন ইথিওপিয়ান মহিলা উত্তর ইথিওপিয়ার টিগ্রায়  অঞ্চলের আগুলা শহরে রিলিফ সোসাইটি অফ টিগ্রায় বিতরণ করার পরে গম ব্যাগে ভরছেন। ৮ মে ২০২১।

জাতিসংঘের অফিস ফর দ্যা কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স বা ওসিএইচএ সতর্ক করে দিয়েছে যে, ইথিওপিয়ার উত্তরাঞ্চলে যুদ্ধরত টিগ্রায় প্রদেশে তাদের মানবিক সহায়তা কার্যক্রম বন্ধ করে দিতে হতে পারে কারণ সরবরাহ দ্রুত ফুরিয়ে আসছে।

উত্তর ইথিওপিয়ায় প্রবল সংঘাতের কারণে মধ্য ডিসেম্বর থেকে টিগ্রায়তে লক্ষ লক্ষ দুস্থ মানুষের জন্য ত্রাণ পৌঁছোতে পারছে না।

ওসিএইচএ মুখপাত্র ইয়েন্স লার্কে বলেন যে, জাতিসংঘ ও অন্যান্য বেসরকারী সহায়তা সংস্থাগুলোকে ইতোমধ্যেই নিজেদের কার্যক্রমের পরিধি হ্রাস করতে হয়েছে, কারণ সরবরাহ, জ্বালানী ও নগদ অর্থের তীব্র অভাব দেখা দিয়েছে।

লার্কে বলেন, “সংস্থাগুলো সতর্ক করেছে যে ফেব্রুয়ারির শেষ নাগাদ কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। পরিপূরক খাদ্য ও তীব্র পুষ্টিহীনতার চিকিৎসার জন্য ব্যবহৃত পুষ্টি সামগ্রীর সরবরাহ একেবারে শেষ হয়ে গিয়েছে।”

বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে যে, টিগ্রায়ে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ১৩ শতাংশ, এবং অন্তঃস্বত্ত্বা ও স্তন্যপান করানো মায়েদের অর্ধেক পুষ্টিহীনতায় ভুগছেন। এমন পরিস্থিতির ফলে সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি বেড়ে গিয়েছে।

লার্কে বলেন যে টিগ্রায়তে কার্যক্রম পরিচালনাকারী আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো জানিয়েছে যে, তাদের জ্বালানীর শেষ মজুদটুকুও জানুয়ারির ২৪ তারিখে শেষ হয়ে গিয়েছে। তিনি বলেন যে, তখন থেকে ত্রাণকর্মীরা অবশিষ্ট থাকা সামান্য মানবিক সহায়তা সামগ্রীগুলো, যেখানে সম্ভব সেখানে পায়ে হেঁটে বিতরণ করছেন।

তবে আমহারা ও আফার-এ পরিস্থিতি টিগ্রায়-এর থেকে ভিন্ন। লার্কে বলেন যে সেখানকার সহজগম্য এলাকাগুলোতে সাহায্য সংস্থাগুলো তাদের সহায়তার মাত্রা বৃদ্ধি করতে সক্ষম। তিনি বলেন, গত সপ্তাহে আমহারায় পাঁচ লক্ষেরও বেশি মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে এবং আফার-এ এই দফায় প্রায় ৩৮০,০০০ মানুষের কাছে খাদ্য বিতরণ করা হয়েছে।

XS
SM
MD
LG