অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৩ হাজার ১৫৪

করোনাভাইরাস সংক্রমণ রোধে বাংলাদেশ সরকারের নেয়া নানা বিধিনিষেধের অংশ হিসাবে এক মোটরসাইকেল চালককে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ। (ফাইল ছবি- মোহাম্মাদ পনির হোসেন/ রয়টার্স)
করোনাভাইরাস সংক্রমণ রোধে বাংলাদেশ সরকারের নেয়া নানা বিধিনিষেধের অংশ হিসাবে এক মোটরসাইকেল চালককে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ। (ফাইল ছবি- মোহাম্মাদ পনির হোসেন/ রয়টার্স)

বাংলাদেশে করোনায় মৃত্যু বেড়েই চলছে। মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এই সময় শনাক্ত হয়েছে আরও ১৩ হাজার ১৫৪ জন। এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৪২৫ জনে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে মোট শনাক্তের সংখ্যা ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জনে পৌঁছেছে। এ সময় শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৫৭ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭২১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৯৩৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৭০ শতাংশ।

চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৭২৯

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তিনজন। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৭২৯ জনের। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫৮ জনের।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৯৮৯টি নমুনা পরীক্ষায় মোট ৭২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৫৩০ জন নগরীতে ও ১৯৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৪৩ জন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৩৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫৬ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৫৭ জন, অ্যান্টিজেন টেস্টে ৫৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯১ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৭৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৬ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩১ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৩১ জন, ল্যাবএইড হাসপাতাল ল্যাবে একজন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে পাঁচজন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ২৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

খুলনায় করোনায় এক নারীর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাসপাতালের রেডজোনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত সাহিদা (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে ১ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত ৪৪ জন রোগী ভর্তি ছিল। যার মধ্যে রেডজোনে ১৬ জন, ইয়ালোজোনে ২১ জন এবং আইসিইউতে ৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে তিনজন, এইচডিইউতে দুজন চিকিৎসাধীন। এ ছাড়া হাসপাতালে ৩৫টি নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে সোমবার রাতে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৮০ জন রয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৪০ শতাংশ।

করোনা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় বাগেরহাটে ২৯ জনকে জরিমানা

বাগেরহাটে করোনা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অপরাধে ২৯ জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সময় ২৯টি মামলা দায়ের করা হয়।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জেলার বিভিন্ন এলাকায় ৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার অপরাধে এই অর্থদণ্ড প্রদান করেন।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ এই তথ্য জানান।

এদিকে বাগেরহাটে দুই দিনের ব্যবধানে করোনা শনাক্তের হার কমেছে ১৫ দশমিক ৩৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় জেলায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৩৩ শতাংশে। এই সময়ে ১৫০ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। গত রবিবার (৩০ জানুয়ারি) বাগেরহাটে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ছিল ৫৪ দশমিক ৬৮ শতাংশ।

মঙ্গলবার পর্যন্ত বাগেরহাটে করোনা শনাক্তের সংখ্যা ৭ হাজার ৪৮০ জন। জেলায় এই পর্যন্ত মারা গেছেন ১৪৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৯৪৫ জন।

করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাগেরহাট জেলায় সব ধরনের সভা, সমাবেশ, সামজিক অনুষ্ঠান এবং জনসভাবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে শহর-বন্দর, গ্রাম থেকে সর্বত্রই জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত জোরদার করা হয়েছে।

বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, দুই দিনের ব্যবধানে বাগেরহাটে করোনা সংক্রমণের হার ১৫ দশমিক ৩৫ শতাংশ কমেছে। এই মুহূর্তে বাগেরহাটে করোনা আক্রান্ত ১৫ জন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, করোনা সংক্রমণ রোধ করতে জেলার সর্বত্রই ব্যাপকভাবে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।

XS
SM
MD
LG