খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জারুলছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আস্তানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় সংগঠনটির চারটি ব্যারাক, দুটি ডিউটি পোস্ট ও একটি প্রশিক্ষণকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে সেনাবাহিনী।
শনিবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের একদল সেনা সদস্য এ অভিযান চালান।
সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো. জাহিদ হাসান বলেন, “তারা ইউপিডিএফের চারটি ব্যারাক, দুটি ডিউটি পোস্ট ও একটি প্রশিক্ষণকেন্দ্র গুঁড়িয়ে দেন।”
তিনি বলেন, “ইউপিডিএফ সদস্যরা সেখানে অস্থায়ী প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করে মানুষকে হয়রানি ও চাঁদাবাজিসহ অন্য অপরাধ করে আসছিল।”
এ সময় ইউপিডিএফ ও সেনা সদস্যদের মাঝে গুলি বিনিময় হয় বলেও দাবি করেন এই সেনা কর্মকর্তা। প্রশিক্ষণকেন্দ্র থেকে সেনা সদস্যরা তাদের প্রশিক্ষণ সরঞ্জাম ও নথি জব্দ করেছে বলেও জানান তিনি।