রাজধানী ঢাকায় মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে মারার ঘটনায় করা মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব রফিকুল আলমসহ ১০ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় বিএনপির আরও ১৩ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করলে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক শহিদুল ইসলাম এ আদেশ দেন।
রিমান্ডে দেওয়া অন্য নেতা–কর্মীরা হলেন-মোহাম্মদ আলী মান্নান, মো. মফিকুল ইসলাম, সোহেল শিকদার, জহিরুল ইসলাম, কাজী ইমতিয়াজ আহমেদ টিপু, মো. মিন্টু, ফারহান আলী রছি, মনিরুল ইসলাম সজল ও সাদেকুর রহমান।
এর আগে রবিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার নয়াপল্টন এলাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় রফিকুল আলমসহ ২৩ বিএনপি নেতা–কর্মীকে আটক করে পুলিশ।
এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা করা হয়।