অ্যাকসেসিবিলিটি লিংক

কুমিল্লা ও মাগুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই ও শিশু নিহত

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

বাংলাদেশের কুমিল্লা জেলার দাউকান্দিতে ও মাগুরা জেলার শ্রীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও এক শিশু নিহত হয়েছে।

কুমিল্লার দাউকান্দিতে গাড়িচাপায় এসআই নিহত

কুমিল্লার দাউকান্দিতে দায়িত্বরত অবস্থায় অজ্ঞাত গাড়িচাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম (৪৫) দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এবং শেরপুর জেলা সদরের এতাবিয়া গ্রামের কাজিম উদ্দীনের ছেলে।

দাউদকান্দি হাইওয়ে থানার ডিউটি অফিসার আবদুস ছোবহান বলেন, “আমরা যখন খবর পাই যে, একজন দায়িত্বরত পুলিশ সদস্য রাস্তার মাঝখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তখনই পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছানো মাত্র চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

মাগুরার শ্রীপুরে বালুবোঝাই ড্রাম ট্রাকচাপায় শিশু নিহত

মাগুরার শ্রীপুরে বালুবোঝাই ড্রাম ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার নাকোল ইউনিয়নের মাঝাইল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাইমা (৩) একই গ্রামের টাইলস মিস্ত্রি গোলাম নবীর মেয়ে।

এই ঘটনায় ড্রাম ট্রাকসহ চালক হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুখদেব রায় বলেন, “শুক্রবার দুপুরে বালুবোঝাই ড্রাম ট্রাকটি মাঝাইল পুরাতন ফেরিঘাট থেকে ওয়াপদা মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ বাড়ির সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু সাইমাকে ড্রাম ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনায় এলাকাবাসী চালকসহ ড্রাম ট্রাকটি আটকে রেখে রামনগর হাইওয়ে পুলিশ ও নাকোল পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালক হাবিবকে আটক করে।”

এদিকে এলাকাবাসী ওই সড়কে ড্রাম ট্রাক চলাচল বন্ধের দাবিতে এবং নিহতের বিচার চেয়ে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

এই ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।

XS
SM
MD
LG