যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা ইউক্রেনে বৃহস্পতিবার ভোরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আক্রমণের নিন্দা করেছেন। ৭০ বছরেরও বেশি সময় পরে ইউরোপে প্রথমবারের মত সম্ভাব্য একটি পূর্ণ যুদ্ধের মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন প্রশাসনের প্রতি ।
বৃহস্পতিবার সেনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান বব মেনেন্ডেজ একটি বিবৃতিতে বলেছেন, "ইতিহাস প্রমাণ করবে যে ভ্লাদিমির পুতিনের অগণিত ইউক্রেনীয় এবং রাশিয়ানদের জীবন উৎসর্গ করার সিদ্ধান্তটি ভয়ের কারণে নেওয়া হয়েছিল, পুতিনের ভয় হচ্ছে একটি প্রতিবেশী স্বাধীন ও সার্বভৌম দেশের গণতন্ত্র ও স্বাধীনতার পথে এগিয়ে যাওয়া,"।
সেনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির শীর্ষস্থানীয় রিপাবলিকান, সেনেটর জিম রিশ বলেছেন, ইউক্রেনের শহরগুলিতে রাশিয়ার বোমাবর্ষণ ছিল "একটি পূর্বপরিকল্পিত এবং নির্লজ্জ যুদ্ধ । কূটনৈতিক সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ প্রচেষ্টা সত্ত্বেও, পুতিন একটি সার্বভৌম দেশের সীমান্ত লঙ্ঘন করেছেন।
এই বছরের শুরুর দিকে, মেনেনডেজ এবং রিশ উভয়ই ইউক্রেনে সম্ভাব্য আগ্রাসনের জন্য রাশিয়ার উপর নিষেধাজ্ঞার আইন প্রবর্তন করেছিলেন।
যুক্তরাষ্ট্রের কংগ্রেস এই সপ্তাহে বিরতিতে রয়েছে এবং সোমবার পর্যন্ত ওয়াশিংটনে তা বসছে না। তবে আইন প্রণেতারা বৃহস্পতিবারের পর প্রশাসনিক কর্মকর্তাদের কাছ থেকে একটি খোলামেলা ফোন ব্রিফিং পাবেন।
কংগ্রেসে রিপাবলিকানরা বাইডেন প্রশাসনের সমালোচনা করেছেন এই বলে যে বাইডেন প্রশাসন আক্রমণ থেকে পুতিনকে বিরত রাখার জন্য যথেষ্ট জোরের সঙ্গে কাজ করেনি এবং কংগ্রেসের রিপাবলিকান দল আন্তর্জাতিক মঞ্চে যুক্তরাষ্ট্রের দুর্বল দেখা যাওয়ার পরিণতি সম্পর্কে সতর্ক করেছে।
তবে হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্রধান, রিপাবলিকান মাইকেল ম্যাককল, হাউজ আর্মড সার্ভিসেস কমিটির প্রধান রিপাবলিকান মাইক রজার্স এবং হাউজ পার্মানেন্ট সিলেক্ট কমিটি অন ইন্টেলিজেন্স প্রধান, রিপাবলিকান মাইক টার্নার একটি বিবৃতি জারি করে ইউক্রেনে সহিংসতার জন্য রুশ প্রেসিডেন্টকে দায়ী করেছেন।
আইন প্রণেতারা যুক্তরাষ্ট্র সময় মধ্যাহ্নে জাতির উদ্দেশ্যে বাইডেনের প্রত্যাশিত বক্তৃতার আগে পুতিনের উপর সম্ভাব্য সবচেয়ে কঠিনতম নিষেধাজ্ঞা আরোপের জন্য বাইডেনকে আহ্বান জানিয়েছেন। ইউক্রেন ককাসের সহ-সভাপতি রিপাবলিকান সেনেটর রব পোর্টম্যান এক বিবৃতিতে বলেছেন, "আমরা পারি এবং আমাদের অবশ্যই রাশিয়ার সামরিক বাহিনীকে অর্থায়নের অভাবে পঙ্গু করে দিতে হবে। এরপরে, আমাদের অবশ্যই রপ্তানি ও আমদানিতে নিয়ন্ত্রণ আরোপ করতে হবে, বিশেষ করে অত্যাবশ্যকীয় ইলেকট্রনিক পণ্য যেমন সেমিকন্ডাক্টর। এটি করার ফলে রাশিয়ার সামরিক বাহিনীকে এই সব তৈরি এবং পুনরায় সরবরাহের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি পাওয়ার ক্ষেত্রে বাধা পেতে হবে।”