অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন থেকে প্রায় ৪০০ বাংলাদেশি নিরাপদে পোল্যান্ড, হাঙ্গেরি ও রোমানিয়ায় পৌঁছেছেন

পোল্যান্ডের সীমান্ত দিয়ে ইউক্রেন থেকে পোল্যান্ডে পৌঁছানো কয়েকজন শরণার্থী। ফেব্রুয়ারি ২৬, ২০২২। (ছবি- এএফপি)
পোল্যান্ডের সীমান্ত দিয়ে ইউক্রেন থেকে পোল্যান্ডে পৌঁছানো কয়েকজন শরণার্থী। ফেব্রুয়ারি ২৬, ২০২২। (ছবি- এএফপি)

ইউক্রেন সীমান্ত অতিক্রম করে এ পর্যন্ত প্রায় ৪০০ জন বাংলাদেশি নিরাপদে পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে পৌঁছেছেন। বাংলাদেশ সরকার এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ সরকার তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করছে এবং তাদের দেশে ফেরার জন্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করছে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আজ পর্যন্ত প্রায় ৪০০ বাংলাদেশি নিরাপদে ইউক্রেন সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডসহ অন্য দেশে পৌঁছেছেন।

এদের মধ্যে ৪৬ জন বাংলাদেশি ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থা করা অস্থায়ী আশ্রয়ে রয়েছেন। বাকিরা তাদের পছন্দ অনুযায়ী তাদের নিজস্ব ব্যবস্থায় রয়েছেন। তাদের দূতাবাসের পক্ষ থেকে আশ্রয় দেওয়া হয়েছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাংলাদেশ দূতাবাস ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) ইউক্রেন শাখার মাধ্যমে ২৮ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার ও স্থানান্তরের জন্য কাজ করছে। এ ছাড়া, দূতাবাস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) ইউক্রেন শাখার মাধ্যমে কারাগারে থাকা বা ইউক্রেনে আটক বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার জন্যও কাজ করছে।

ইতিমধ্যে প্রায় ১৫ জন বাংলাদেশি শিক্ষার্থী হাঙ্গেরিতে এসেছেন, যারা এখন ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে আছেন।

আগামী কয়েক দিনের মধ্যে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারাও এখন বাংলাদেশে ফিরতে ইচ্ছুক।

এ পর্যন্ত তিনজন বাংলাদেশি রোমানিয়ায় প্রবেশ করেছেন, যাদের এখন বুখারেস্টে বাংলাদেশ দূতাবাস দেখাশোনা করছে।

শিগগিরই আরও সাত বাংলাদেশি রোমানিয়ায় প্রবেশ করবেন বলে আশা করা হচ্ছে। তারা অবিলম্বে বাংলাদেশে ফিরতেও ইচ্ছুক বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

This item is part of
XS
SM
MD
LG