বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে মাগুরা জেলার শালিখায় মাহবুব শিকদার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মাহাবুব শিকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শালিখা ইউনিয়ন শাখার সভাপতি ও শালিখা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুসাইন শিকদারের বড় ভাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শালিখা খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস বলেন, “অভিযুক্ত মাহবুব শিকদারকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “গ্রেপ্তার মাহবুব শিকদারকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশের তদন্ত চলছে।”