অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

বাংলাদেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। চাঁদপুরে পিকআপের চাপায় বাবা ও ছেলে এবং পিরোজপুরে পৃথক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যানসহ দুজন নিহত হয়েছেন। এ ছাড়া নড়াইলে বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে বিদ্যুৎ খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক মাদরাসাছাত্র নিহত হয়।

চাঁদপুরে পিকআপের চাপায় বাবা-ছেলে নিহত

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর জেলার হাজিগঞ্জের বলাখাল বাজারে শুক্রবার (৪ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার শ্রীনগর গ্রামের জিল্লুর রহমান (৪৬) ও তার ছেলে বায়েজিদ (৮) হন।

এলাকাবাসীর বরাত দিয়ে হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দ জানান, বলাখাল বাজারে নিজের নতুন দোকানে মিলাদ ও দোয়া করার পরে জিল্লুর ও তার ছেলে তবারক নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি খালি পিকআপ তাদের হঠাৎ চাপা দেয়। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা এক ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

ওসি জানান, পুলিশ পিকআপটিকে জব্দ করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিরোজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

পিরোজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যানসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (৫ মার্চ) সকালে ও শুক্রবার (৪ মার্চ) রাতে সংঘটিত এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন—ভান্ডারিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত রুস্তম আলী সরদারের ছেলে দেলোয়ার হোসেন সরদার (৬০) ও মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের একই ইউনিয়নের সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ ফারুক হোসেন (৬৫)।

আহতরা হলেন—পিরোজপুর সদর উপজেলার হানিফ সরদার (৪৫), কিবরিয়া হাওলাদার (৩৫), জগদিশ রায় (২৮) ও নুর ইসলাম (৫০)।

প্রত্যক্ষদর্শীর বরাতে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, সকালে গাজীপুর থেকে ছেড়ে আসা ইটবাহী ট্রলিটি পৌর শহরের দিকে যাচ্ছিল। পথে ভুবনেশ্বর সেতু পার হয়ে জেলা পরিষদ মার্কেটের সামনে এলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানচালক দেলোয়ার হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এদিকে সদর উপজেলার মঠবাড়িয়া-পিরোজপুর সড়কে শুক্রবার রাত ৮টার দিকে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ফারুক হোসেন নিহত হয়েছেন। এ সময় অটোরিকশায় থাকা আরও চার যাত্রী গুরুতর আহত হন।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, রাতে যাত্রী নিয়ে সিএনজিটি পিরোজপুরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে ইন্দুরকানীর দিকে যাচ্ছিল। হঠাৎ করেই সামনে থেকে একটি ট্রাক এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ সময় অন্য আরও চার যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে মাদরাসাছাত্র নিহত

নড়াইলে বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে বিদ্যুৎ খুটির সঙ্গে ধাক্কা লেগে এক মাদরাসাছাত্র নিহত এবং তার দুই সহপাঠী আহত হয়েছে। শুক্রবার (৪ মার্চ) রাত ৮টার দিকে কালিয়া উপজেলার চাচুড়ী-শিংগাশোলপুর সড়কে রঘুনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রমিম শেখ (১৫) উপজেলার আমতলা গ্রামের সিরাজ শেখের ছেলে ও ফুলদাহ আলিয়া মাদরাসার ছাত্র।

আহতরা হলো—উপজেলার চাচুড়ী গ্রামের তরিকুল মুন্সির ছেলে অন্তর মুন্সি (১৬) ও কদমতলা গ্রামের আকিবর বিশ্বাসের ছেলে রাহুল বিশ্বাস (১৭)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া জানান, শুক্রবার রাত ৮টার দিকে রমিম তার বাবার মোটরসাইকেলে করে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। তারা সড়কে রঘুনাথপুর পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা লাগে। এই সময় রমিম ও তার দুই বন্ধু গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রমিমকে মৃত ঘোষণা করেন। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

XS
SM
MD
LG