ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার ওপর অস্ট্রেলিয়া বেশ কিছু নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে, যার মধ্যে "মস্কোর প্রোপাগান্ডা প্রচারক এবং অপপ্রচারকারী" হিসেবে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞাও রয়েছে।
মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইন এক বিবৃতিতে বলেছেন, রাশিয়ার "কৌশলগত স্বার্থের" সাথে জড়িত ১০ জনের ওপর "ইউক্রেনের প্রতি শত্রুতাকে উৎসাহিত করার জন্য এবং রাশিয়ার আক্রমণকে বৈধতা দেয়ার উদ্দেশ্যে ক্রেমলিনপন্থী প্রচারণার জন্য" নিষেধাজ্ঞা আরোপ করছে।
পূর্ব ইউক্রেনের দুটি বিরোধপূর্ণ এলাকা উল্লেখ করে পেইন বলেছেন, "প্রোপাগান্ডা"-র মধ্যে রয়েছে "ইউক্রেনের "ডি-নাৎসীফিকেশন" সম্পর্কে মিথ্যা বর্ণনা দেয়া এবং প্রচার করা, পূর্ব ইউক্রেনে জাতিগত রাশিয়ানদের বিরুদ্ধে গণহত্যার ভ্রান্ত অভিযোগ করা এবং স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে তথাকথিত ডোনেস্ক পিপলস রিপাবলিক এবং লুহানস্ক পিপলস রিপাবলিকের স্বীকৃতির প্রচার করা।”
রাশিয়ান সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে পেইন নতুন একদফা আর্থিক নিষেধাজ্ঞাও ঘোষণা করেছেন। এ নিষেধাজ্ঞায় রাশিয়ার সামরিক বাহিনীতে সরবরাহকারী সংস্থাগুলোর অস্ট্রেলিয়া থেকে পণ্য রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। ইউক্রেনে "নৌ, স্থল ও বিমান হামলা বাস্তবায়নের জন্য দায়ী" অতিরিক্ত ৬জন সিনিয়র রাশিয়ান সামরিক কমান্ডারের বিরুদ্ধেও তিনি আর্থিক নিষেধাজ্ঞা এবং ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন।
এ সংক্রান্ত একটি বিষয়ে, অস্ট্রেলিয়ান তেল শোধনকারী প্রতিষ্ঠান ভিভা এনার্জি মঙ্গলবার ঘোষণা করেছে যে তারা রাশিয়ান অপরিশোধিত তেল কেনা বন্ধ করবে। তারা জানায় যে, ইউক্রেনের ঘটনাগুলোর কারণে প্রতিষ্ঠানটি "শঙ্কিত"। অস্ট্রেলিয়ার আরেকটি মাত্র তেল শোধনাগার অ্যামপোল বলেছে যে, সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা রাশিয়ান অপরিশোধিত তেল বা পণ্য কেনেনি।
এ প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স থেকে নেয়া হয়েছে।