জাতিসংঘ এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো ইউক্রেনে সহিংসতা বন্ধের আহ্বান করছে। দেশটিতে বেসামরিক মানুষ হতাহতের সংখ্যা বেড়ে চলেছে এবং আরও মানুষ ভয়ে আশপাশের দেশগুলোতে নিরাপত্তার জন্য পালিয়ে যাচ্ছে। জাতিসংঘের সর্বসাম্প্রতিক হিসেব অনুযায়ী সেখানে বেসামরিক মানুষ হতাহতের সংখ্যাটি ১,৩৩৫ জন, যার মধ্যে ৪৭৪ জন নিহত এবং ৮৬১ জন আহত হয়েছেন।
হিসাবটির প্রস্তুতকারক, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর বিশ্বাস করে যে, হতাহতের প্রকৃত সংখ্যাটি হিসেবের থেকে অনেক বেশি। এর ফলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল বাখেলেট আবারও সংঘাত দ্রুত ও শান্তিপূর্ণ অবসানের তার আহ্বানটি পুনর্ব্যক্ত করেছেন। তার মতে পরিস্থিতিটি একটি মানবিক সঙ্কট সৃষ্টি করেছে।
তার মুখপাত্র লিজ থ্রসেল বলেন যে, চলমান সহিংসতার কারণে ইউক্রেনের অনেক অংশেই বেসামরিক মানুষ নিহত ও আহত হওয়ার ঘটনাগুলো যাচাই করা সম্ভব নয়।
জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে যে, বিশ লক্ষেরও বেশি মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী পোল্যান্ড, মলডোভা, রোমানিয়া, হাঙ্গেরী, স্লোভাকিয়া, এবং অন্যান্য ইউরোপীয় দেশে পালিয়ে গিয়েছে। তবে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মুখপাত্র ইওয়ান ওয়াটসন জানান যে, মারিউপোল শহরে আটকে পড়া লক্ষ লক্ষ মানুষ পালাতে পারছে না।
ওয়াটসন বলেন, “শহরটি থেকে বেসামরিক মানুষের বের হওয়ার নিরাপদ পথের ব্যবস্থা করতে আমরা আমাদের নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকায় কাজ করতে প্রস্তুত রয়েছি। তবে, আজকের শেষ কথা হল যে মানুষের জন্য পরিস্থিতিটি আসলেই সর্বনাশা। যেটি আরও খারাপ হয়ে পড়ছে। তাদের অত্যাবশ্যক মালামাল ফুরিয়ে যাচ্ছে। এবং তাই, আমাদের আজকের আহ্বান হল যেন এই মানুষদের কাছে জীবনরক্ষাকারী সাহায্য পৌঁছায়।”