অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার ইউক্রেন আক্রমণ: রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

(ফাইল ছবি) রাশিয়ার সাইবেরিয়ার উত্তরে রোসনেফ্ট কোম্পানির মালিকানাধীন একটি তেলক্ষেত্রের টাওয়ার থেকে জ্বলন্ত শিখা দেখা যাচ্ছে। ২৫ মার্চ, ২০১৫।
(ফাইল ছবি) রাশিয়ার সাইবেরিয়ার উত্তরে রোসনেফ্ট কোম্পানির মালিকানাধীন একটি তেলক্ষেত্রের টাওয়ার থেকে জ্বলন্ত শিখা দেখা যাচ্ছে। ২৫ মার্চ, ২০১৫।

রাশিয়া থেকে তেল ও গ্যাসের সমস্ত আমদানি নিষিদ্ধ করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ঘোষণা করেছেন – যেহেতু রাশিয়ান সেনাবাহিনী ইউক্রেনের উপর আক্রমণ বন্ধ করছে না, তাঁর প্রশাসনের গৃহীত এই পদক্ষেপ "পুতিনের যুদ্ধ যন্ত্রের উপর আরেকটি শক্তিশালী আঘাত হানতে সক্ষম হবে"।

একটি নির্বাহী আদেশে বর্ণিত এই পদক্ষেপটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চাপ প্রয়োগের ওয়াশিংটনের সর্বসাম্প্রতিক পদক্ষেপ। পুতিন বিশ্বের ধনী ব্যক্তিদের একজন, রাশিয়া থেকে জ্বালানী-রপ্তানি করে অর্জিত অর্থ নিজের পকেটে ঢুকানোর অভিযোগ রয়েছে সমালোচকদের তার বিরুদ্ধে। প্রেসিডেন্ট বাইডেনের নির্বাহী আদেশের অধীনে, যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে সমস্ত অশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য, প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং কয়লা পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ; সেই সাথে রাশিয়ার জ্বালানি খাতে যে কোনও আমেরিকানকে বিনিয়োগ করতেও নিষেধ করা হয়েছে।

গত বছর, যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে প্রতিদিন প্রায় ৭ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানি করেছে । তার চেয়ে অনেক বেশি প্রায় ৪৫ লাখ ব্যারেল তেল রাশিয়া থেকে প্রতিদিন আমদানি করে ইউরোপ ।

এ দিকে , ব্রিটেন মঙ্গলবার বলেছে যে তারাও এই বছরের শেষ নাগাদ রাশিয়ার তেল এবং তৈলপণ্য আমদানি ক্রমশ বন্ধ করবে।

বাইডেন মঙ্গলবার ঘোষণা করেন, আন্তর্জাতিক শক্তি সংস্থার সদস্যরা সম্মিলিতভাবে কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে ৬ কোটি ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করতে সম্মত হয়েছে, যুক্তরাষ্ট্র উত্তোলন করবে এর অর্ধেক পরিমাণ তেল।

বাইডেন বারবার বলে আসছেন, ইউক্রেনে আমেরিকান সেনা পাঠানোর তার কোন ইচ্ছা নেই, বরং এই অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলি পুতিনের জন্য একটি শক্তিশালী প্রতিবন্ধক হিসেবে কাজ করবে।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, “গতকাল আমি বন্ধুরাষ্ট্র ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের নেতাদের সাথে কথা বলেছি, কীভাবে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সহিংসতা বাড়িয়ে তুলছে এবং এই আগ্রাসনের প্রতিক্রিয়া জানাতে আমরা বিশ্বজুড়ে আমাদের মিত্র ও অংশীদারদের সাথে একত্রে পদক্ষেপ নিতে যাচ্ছি।"

তিনি আরও বলেন, “আমরা রাশিয়ার বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্যাকেজ প্রয়োগ করছি, যা দেশটির অর্থনীতিতে তাত্পর্যপূর্ণ ক্ষতি সাধন করছে। ”।

[এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স থেকে নেয়া হয়েছে]

This item is part of
XS
SM
MD
LG