অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া

রাশিয়ার হামলায় পুড়ে যাওয়া একটি গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন ইউক্রেনের ইরপিনের একজন নাগরিক। মার্চ ১২ ২০২২। (ছবি- এপি)
রাশিয়ার হামলায় পুড়ে যাওয়া একটি গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন ইউক্রেনের ইরপিনের একজন নাগরিক। মার্চ ১২ ২০২২। (ছবি- এপি)

পোল্যান্ডের সাথে ইউক্রেনের সীমান্তের কাছে পশ্চিম ইউক্রেনে অবস্থিত ইন্টারন্যাশনাল সেন্টার ফর পিসকিপিং অ্যান্ড সিকিউরিটি নামক একটি সামরিক ঘাঁটিতে, রবিবার দিনের শুরুতে রাশিয়া একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন। ঘাঁটিটি থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরেই পোল্যান্ডে নেটো সেনাদের অবস্থান রয়েছে।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে, কয়েকটি ক্ষেপণাস্ত্র পথিমধ্যে রোধ করা সম্ভব হলেও বাকি ক্ষেপণাস্ত্রগুলো ঘাঁটিতে আঘাত করে। এর ফলে হতাহতের ঘটনা ঘটে। তবে, এ বিষয়ে কর্মকর্তারা বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।

রয়টার্স জানিয়েছে যে, সামরিক ঘাঁটিটি “ইউক্রেনের পশ্চিমাঞ্চলে অবস্থিত বৃহত্তম ঘাঁটিগুলোর একটি” এবং সেখানেই “নেটো দেশগুলোর সাথে ইউক্রেন তাদের বেশিরভাগ সামরিক মহড়ার আয়োজন করে থাকে”।

ইউক্রেন জুড়ে বিভিন্ন শহরের ওপর শনিবারও রাশিয়ার সামরিক বাহিনী কামান ও বিমানহামলার মাধ্যমে আঘাত করা অব্যাহত রেখেছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলেন যে, পশ্চিম ইউক্রেনে লাভিভের কাছের একটি বিমানঘাঁটিতে রবিবার রাশিয়ার বিমান একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে, এ বিষয়ে তারা আর কোন বিস্তারিত তথ্য জানাননি।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে, একটি নির্ধারিত মানবিক পারাপারের করিডোর দিয়ে যাওয়ার সময়ে একটি বহরে রাশিয়া হামলা চালালে, শনিবার এক শিশুসহ সাতজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এর ফলে ঐ বেসামরিক মানুষগুলো ফিরে যেতে বাধ্য হয়।

ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেন যে, ১৪টি মানবিক পারাপারের করিডোরের মধ্যে শনিবার মাত্র নয়টি উন্মুক্ত ছিল। ভেরেশচুক জানান যে, সেগুলো ব্যবহার করে প্রায় ১৩,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। বেসামরিক মানুষের নিরাপদে পালিয়ে যাওয়ার জন্য এই পথগুলোর বিষয়ে সমঝোতা হয়েছিল।

এদিকে, শনিবার রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র হামলায় ভাসিলকিভ শহরে অবস্থিত ইউক্রেনের একটি বিমানঘাঁটি ধ্বংস হয়ে যায় বলে, মেয়র নাটালিয়া বালাসিনোভিচ জানিয়েছেন। তিনি বলেন যে, একটি জ্বালানী তেলের ডিপোও ধ্বংস হয়ে গিয়েছে।

বালাসিনোভিচের বক্তব্য উদ্ধৃত করে রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে যে, ভাসিলকিভের নিকটে অবস্থিত একটি গোলাবারুদের গুদামও রাশিয়ার রকেট হামলায় ধ্বংস হয়ে গিয়েছে।

XS
SM
MD
LG