অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ভোজ্যতেল আমদানিতে ১০ শতাংশ ভ্যাট কমানো হবে—জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বিশ্বভোক্তা অধিকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা বলছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। (ছবি- ইউএনবি)
বিশ্বভোক্তা অধিকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা বলছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। (ছবি- ইউএনবি)

বাংলাদেশে ভোজ্যতেল আমদানিতে ১০ শতাংশ ভ্যাট কমানো হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একই সঙ্গে ভোজ্যতেল উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে পাঁচ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।

সোমবার (১৪ মার্চ) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্বভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

টিপু মুনশি বলেন, “আজকে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যে, আমদানি পর্যায়ে ১০ শতাংশ ভ্যাট কমাতে। সেটা যদি হয় তাহলে বর্তমানে ১৫ শতাংশ ভ্যাট দিয়ে তেল আমদানি করা হয়। সেখান থেকে ১০ শতাংশ কমানো হলে ভ্যাট পাঁচ শতাংশ হচ্ছে। উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়েও পাঁচ শতাংশ ভ্যাট প্রত্যাহার হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমানোর ক্ষমতা আমাদের নেই। দাম কমবে কি না ব্রাজিল বলতে পারবে, কারণ ৯০ শতাংশ তেল আমরা সেখান থেকে আমদানি করি।”

তিনি বলেন, “যার পাঁচ লিটার তেল দরকার সে ১০ লিটার কিনলে ঠেকাতে পারব না। রমজান উপলক্ষে সবাই কিনতে শুরু করলে তো বাজারে ঘাটতি দেখা দেবেই। যতটুকু কেনা দরকার ততটুকুই কিনি। সবার রান্নাঘরে তো আমরা ঢুকতে পারব না। রমজান মাসের জন্য বেশি না কেনার অনুরোধ করছি”।

টিপু মুনশি বলেন, আমাদের যথেষ্ট পরিমাণ পণ্য মজুদ আছে। সেটা দিয়ে রমজান মাস পার হয়ে যাবে। কেউ কেউ মজুত করে রাখছে, সেটি বড় সমস্যা। টিসিবিও এক কোটি পরিবারকে পণ্য দেয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে।

তিনি বলেন, “ব্যবসায়ীরা ব্যবসা করবেই। এ জন্য তাদের অনুরোধ জানিয়েছি যে, রমজান মাস পর্যন্ত আপনারা জিনিসপত্রের দাম বাড়াবেন না”।

এনবিআরকে ভোজ্যতেল আমদানির ওপর ভ্যাট কমানোর নির্দেশ মন্ত্রিসভার

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভোজ্যতেল আমদানির ওপর ভ্যাট কমিয়ে সর্বনিম্ন সিলিংয়ে আনতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি এতে যোগ দেন। অন্য মন্ত্রীরা বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষ থেকে যুক্ত ছিলেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আইনমন্ত্রী বৈঠকে এ সংক্রান্ত কাগজে (এসআরও) স্বাক্ষর করেছেন বলে সরকার ইতিমধ্যে খুচরা বিক্রেতা পর্যায়ে ভ্যাট মওকুফ করেছে বলে জানিয়েছেন মন্ত্রী”।

তিনি বলেন, “এখন আমদানি পর্যায়ে ভোজ্যতেলের ওপর ১৫ শতাংশ ভ্যাট (শুল্ক) রয়েছে। এনবিআরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যতটা সম্ভব কমানোর বিষয়টি বিবেচনা করতে এবং এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছিল।”

তিনি বলেন, “ভ্যাট পুরোপুরি মওকুফ করা হবে না বরং এটিকে সম্ভাব্য সর্বনিম্ন সীমায় নামিয়ে আনা হবে। আমাদের ধারণা যে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাটের একটি উল্লেখযোগ্য পরিমাণ হ্রাস করা হলে এটি একটি বিশাল ইতিবাচক প্রভাব ফেলবে।”

উল্রেখ্য, বর্তমানে, উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ, আমদানি পর্যায়ে ১৫ শতাংশ এবং খুচরা পর্যায়ে পাঁচ শতাংশ ভ্যাট রয়েছে।

XS
SM
MD
LG