সেকেন্ড জেন্টলম্যান ডাগ এমহফের কোভিড পজিটিভ বলে হোয়াইট হাউজ মঙ্গলবার ঘোষণা করেছে।ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের কোভিড নেগেটিভ আসলেও স্বামীর পজিটিভ আসায় হ্যারিস নিজের শিডিউল কমিয়ে দিচ্ছেন।
মঙ্গলবার সন্ধ্যায় হ্যারিস“অত্যধিক সতর্কতার কারণে” হোয়াইট হাউজে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ইক্যুয়াল পে ডে-র অনুষ্ঠানে অংশ নেননি।
মঙ্গলবার সন্ধ্যায় এক টুইট বার্তায় হ্যারিস জানান, “ডাগ (এমহফ) ভালো আছেন এবং কোভিডের টিকা ও বুস্টার ডোজ নেয়ায় আমরা কৃতজ্ঞ।“ তিনি আরও বলেন, “আমি কোভিড নেগেটিভ তবে আরো টেস্ট চালিয়ে যাবো।“
মঙ্গলবার বিকেলে বাইডেন ও হ্যারিস একসাথে হাজির হন এবং ১৫ লক্ষ কোটি ডলারের সরকারি অর্থায়নের কর্মসূচিতে স্বাক্ষরের একটি অনুষ্ঠানে আইনপ্রণেতাদের সংস্পর্শে আসেন।
কার্যভার গ্রহণের কয়েক সপ্তাহ আগে হ্যারিস ও এফহফ দুজনই মডার্না কোভিড টিকার প্রথম ডোজ পেয়েছিলেন এবং ২০২১ সালে অভিষেকের কয়েকদিন পরেই দ্বিতীয় ডোজ পান। অক্টোবরের শেষের দিকে তারা বুস্টার ডোজ পান।
কোভিড টিকার দুই ডোজ ও বুস্টার ডোজ নেয়া ব্যক্তিরা কোভিডের গুরুতর অসুস্থতা ও মৃত্যুর বিরুদ্ধে বিশেষ করে উচ্চ সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে উচ্চ মাত্রার সুরক্ষা পায়।
এর আগে মঙ্গলবার আমেরিকর্পস ন্যাশনাল সিভিলিয়ান কমিউনিটি কোর-এর কার্যক্রমের প্রচারের উদ্দেশ্যে ওয়াশিংটন পার্কে একটি খোলা অনুষ্ঠানে এমহফ অংশগ্রহণ করেছিলেন। সম্প্রতি তিনি বাইডেন বা ফার্স্ট লেডি জিল বাইডেনের সংস্পর্শে এসেছিলেন কিনা জানতে চাইলে হোয়াইট হাউজ তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়নি।
এফহফের চিকিৎসা সংক্রান্ত হাল নাগাদ সংবাদ প্রকাশ্যে আসার আগে হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি বলেছিলেন যে, রোববার বাইডেনের কোভিড টেস্ট নেগেটিভ এসেছিল।