অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনকে আরও ৮০ কোটি ডলার সাহায্যের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট বাইডেন

প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য আরো নিরাপত্তা সহযোগিতার কথা ঘোষণা করছেন হোয়াইট হাউজ থেকে, মার্চ ১৬, ২০২২
প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য আরো নিরাপত্তা সহযোগিতার কথা ঘোষণা করছেন হোয়াইট হাউজ থেকে, মার্চ ১৬, ২০২২

ইউক্রেন যে বুধবার যুক্তরাষ্ট্রের কাছে সাহায্যের আবেদন করেছে তার জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ৮০ কোটি ডলার থোক সাহায্য প্রদানের কথা ঘোষণা করেন । এই সহায়তার মধ্য রয়েছে বিভিন্ন রকমের অস্ত্র -শস্ত্র এবং প্রতিরক্ষামূলক সাজ সরঞ্জাম। তবে এই সহযোগিতার মধ্যে ‘নো ফ্লাই জোন’ বা বিমান উড়ান নিষিদ্ধ এলাকা অন্তর্ভুক্ত নয়। এ রকম এলাকা নির্ধারণের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি আবেদন জানিয়েছিলেন।

বাইডেন বলেন এই নতুন সাহায্যসহ, “কেবল এই সপ্তাহে ইউক্রেনেকে যুক্তরাষ্ট্রের দেওয়া নিরাপত্তা সহযোগিতার পরিমাণ দাঁড়ালো ১০০ কোটি ডলার। এই নতুন থোক সাহায্য নিজেই ইউক্রেনকে অভূতপূর্ব সহযোগিতা প্রদান করবে। এর মধ্যে রয়েছে ৮০০ টি অ্যান্টি এয়ারক্র্যাফট সিস্টেম যাতে ইউক্রেনের আকাশ সীমাকে সুরক্ষিত রাখা যায় এবং ইউক্রেনের সেনাবাহিনী সেই সব বিমান ও হেলিকপ্টারকে প্রতিরোধ করতে পারে যা কীনা তাদের জনগণের উপর হামলা চালিয়ে যাচ্ছে ”।

বাইডেন বলেন, ৮০০টি অ্যান্টি এয়ারক্র্যাফট সিস্টেম ছাড়াও, এই থোক সাহায্যে থাকছে ২,০০০টি জ্যাভলিন, ১০০০টি হাল্কা অ্যান্টি আর্মার অস্ত্র এবং ৬,০০০টি এটি-ফোর অ্যান্টি আর্মার সিস্টেম । তা ছাড়া এই সাহায্যের মধ্যে আরও থাকছে শত শত গ্রেনেড নিক্ষেপক, শটগান ও মেশিন গান,হাজার হাজার রাইফেল ও পিস্তল, ২ কোটিরও অধিক রাউন্ড গোলাবারুদ এবং বডি- আর্মার ও হেলমেট।

তিন সপ্তাহ ধরে চলে আসা রুশ সেনাবাহিনীর তীব্র আক্রমণের মুখে যুক্তরাষ্ট্রের বিধায়কদের কাছে ইউক্রেনের প্রেসিডেন্ট তার দেশকে রক্ষার করার জন্য যে আবেগ- আপ্লুত আবেদন জানান তার পর পরই যুক্তরাষ্ট্র এই নতুন থোক সাহায্যর কথা ঘোষণা করে।

জেলেন্সকি তাঁর ভাষণে আমেরিকার ইতিহাসের কিছু অবিস্মরনীয় ঘটনা তুলে ধরেন এবং কংগ্রেস ও বাইডেনের কাছে আরও সামরিক সহযোগিতা এবং ইউক্রেনের অবরুদ্ধ শহরগুলোর উপর নো-ফ্লাই জোন আরোপের আবেদন জানান।

যুক্তরাষ্ট্রের বিধায়কদের উদ্দেশ্যে এই ভরা অধিবেশনে জেলেন্সকি ভার্চুয়ালি বলেন, “ঠিক এখন আমাদের দেশের নিয়তি নির্ধারিত হচ্ছে”। তিনি ১৯৪১ সালে পার্ল হার্বারে জাপানের আক্রমণ এবং ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার দুঃখজনক ঘটনার কথাও তুলে ধরেন। ৪৪ বছর বয়সী এক সময়কার অভিনেতা এবং বর্তমানে প্রেসিডেন্ট জেলেন্সকি মার্টিন লুথার কিংকে উদ্ধৃত করে বলেন ‘I have a dream.’ ” আমার একটি স্বপ্ন আছে।

নো ফ্লাই জোন আরোপের জন্য তাঁর অনুরোধ সম্পর্কে হোয়াইট হাউজ বলেছে এটি যুক্তরাষ্ট্রকে সরাসরি রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে ফেলবে। তবে যেমনটি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন ওয়াশিংটন রাশিয়ার বিরুদ্ধে কঠোর ও প্রয়োগসিদ্ধ নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে। এ বিষয়ে বুধবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি জেনেট ইয়েলেন এবং অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ড , অস্ট্রেলিয়া, কানাডা , জার্মানি , ফ্রান্স, ইটালি , জাপান , ব্রিটেন ও ইউরোপীয় কমিশনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন।

This item is part of
XS
SM
MD
LG