অ্যাকসেসিবিলিটি লিংক

স্কুলের ফিস দিতে না পারায় চাঁদপুরে শিক্ষার্থীর আত্মহত্যা

একটি প্রতীকী ছবি।
একটি প্রতীকী ছবি।

বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় স্কুলের ফিস দিতে না পারায় অষ্টম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (১৮ মার্চ) রাতে উপজেলার চরদুঃখীয়া পশ্চিম ইউনিয়নের পুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পান্না আক্তার (১৩) নামের ওই শিক্ষার্থী পুটিয়া এলাকার মাজিদিয়া উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণিতে পড়ত, এবং একই এলাকার প্রবাসী সোহেল তালুকদারের মেয়ে।

পরিবারের লোকজন জানান, স্কুলের বেতন ও পরীক্ষার ফি বাবদ এক হাজার ৬৩০ টাকা না দিতে পারায়, পান্না তার মা-বাবার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে।

পান্নার মা হাছিনা বেগম জানান, তার স্বামী সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকেন। গত তিন মাস ধরে দুবাইতে কোনো কাজ না থাকায় বাড়িতে কোনো টাকা পাঠাতে পারেননি। তাই তিনি মেয়ের স্কুলের টাকাও পরিশোধ করতে পারেননি। স্কুল থেকে টাকার জন্য শিক্ষকেরা মেয়েকে প্রায়শই নানান কথা বলত। লজ্জায় অপমানে পান্না আত্মহত্যা করেছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন ইউএনবিকে বলেন, “রাত ১২টার সময় স্থানীয়রা ফোন করে জানান একটি মেয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG