বুধবার কড়া নিরাপত্তায় থাকা মোগাদিশুর আন্তর্জাতিক বিমানবন্দরে ২জন বন্দুকধারীর হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে বলে জানায় সোমালিয়ার পুলিশ।
নিহতদের মধ্যে ১জন সোমালি নাগরিক আর বাকি ৫জন বিদেশি। পুলিশের মুখপাত্র মেজর আবদিফাতাহ আদেন হাসান জানান, নিরাপত্তা বাহিনীর গুলিতে বন্দুকধারী ২জন নিহত হয়েছে।
হাসান বলেন, বিদেশিদের মধ্যে একজন ছিলেন আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষা মিশন এএমআইএসওএম-এর সৈনিক।তিনি বলেন বাকি চারজন ছিলেন সোমালি সরকারকে বিস্ফোরক প্রশিক্ষণে সহায়তাকারী প্রশিক্ষক।
জঙ্গি গোষ্ঠী আল শাবাব হামলার দায় স্বীকার করেছে।
মেজর হাসান ভয়েস অফ আমেরিকাকে জানান, বুধবার বিকেলে বিমানবন্দরের মেরিন গেটে দুজন লোক হামলা চালায় এবং নিরাপত্তা বাহিনীর “বাধার সম্মুখীন” হয়।
বিমানবন্দরটিতে এমআইএসওএম-এর সদর দপ্তর রয়েছে এবং মোগাদিসুতে বেশিরভাগ কূটনীতিককে সেখানেই স্বাগত জানানো হয়।
প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরের পূর্ব দিকে যেখানে অনেক দোকান রয়েছে সেখানে গুলি চালানো হয়।
গণমাধ্যমের সাথে কথা বলায় নিষেধ থাকায় পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মী ভয়েস অফ আমেরিকাকে বলেন, জঙ্গিরা ছোট অস্ত্র ও হাতবোমা ব্যবহার করেছে।তিনি আরও বলেন, হামলায় অন্তত ৩জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আল শাবাব বলেছে, তাদের যোদ্ধারা বেশ কয়েকজনকে গুলি করেছে এবং ভবনে আগুন দিয়েছে। মোগাদিশুতে ভিওএ’র একজন প্রতিবেদক বিমানবন্দরে সংঘর্ষের এলাকা থেকে ধোঁয়া উড়তে দেখেছেন।
২০০৯ সাল থেকে আল শাবাব বেশ কয়েকবার বিমানবন্দরে হামলা চালিয়ে কয়েক ডজন মানুষকে হত্যা করেছে।