অ্যাকসেসিবিলিটি লিংক

রূপপুরে কাজাখস্তানের নাগরিককে হত্যার ঘটনায় বেলারুশের ৩ নাগরিক কারাগারে

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত কাজাখস্তানের নাগরিক সেভিস ভ্লাদিমির (৫০) হত্যার ঘটনায় আটক বেলারুশের তিন নাগরিককে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৮ মার্চ) তাদের কারাগারে পাঠানো হয়। তারা হলেন—ফিতারি, হেন্ডাজ ও ভ্লাদিমির।

মামলার তদন্ত কর্মকর্তা ঈশ্বরদী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রায়হান পারভেজ বলেন, “রূপপুর প্রকল্পে কর্মরত এএসই কোম্পানির পরিচালক ইউরি ফেদরি বাদী হয়ে রবিবার রাতে বেলারুশের তিন নাগরিককে আসামি করে মামলা করেছেন”।

তিনি জানান, এর আগে রবিবার দুপুরে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে নিহত কাজাখ নাগরিক সেভিস ভ্লাদিমিরের লাশের ময়নাতদন্তে প্রাথমিকভাবে ছুরিকাঘাতে মৃত্যুর বিষয়টি জানা গেছে। ময়নাতদন্ত শেষে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের হিমাগারে রাখা হয়েছে।

এ ঘটনায় আহত অপর কাজাখ নাগরিক ও নিহতের ভাই আমরে ঢাকার ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুই ভাই বছরখানেক আগে রূপপুর প্রকল্পে কাজ করতে বাংলাদেশে আসেন।

হত্যার কারণ সম্পর্কে তদন্ত কর্মকর্তা রায়হান পারভেজ বলেন, “ঘটনার দিন সেভিস ভ্লাদিমির ও তার ভাই আমরে রুপপুর গ্রিনসিটি আবাসিক এলাকার ৬ নম্বর ভবনে বেলারুশ নাগরিকদের ফ্ল্যাটে যান। সেখানে আর্থিক লেনদেন বিষয়ে কথা কাটাকাটির জেরে হত্যার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে”।

তিনি আরও বলেন, “বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। তদন্ত শেষে সঠিক তথ্য জানানো যাবে”।

This item is part of
XS
SM
MD
LG