অ্যাকসেসিবিলিটি লিংক

শাহজাহানপুরে জোড়া খুনের ঘটনায় আটক প্রধান অভিযুক্ত ৭ দিনের রিমান্ডে

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বাংলাদেশের রাজধানী ঢাকার শাহজাহানপুরে গুলি করে আওয়ামী লীগের এক নেতা ও এক কলেজছাত্রীকে হত্যার ঘটনায় আটক প্রধান অভিযুক্ত মাসুম মোহাম্মদ আকাশের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ মার্চ) ডিবির পরিদর্শক ইয়াসিন শিকদার তাকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড চাইলে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

এর আগে রবিবার বগুড়া থেকে আকাশকে (৩৪) গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের ভাষ্যমতে, জিজ্ঞাসাবাদে আকাশ স্বীকার করেছেন, তিনি হত্যার জন্য জাহিদুল ইসলাম টিপুকে অনুসরণ করছিলেন এবং টিপুকে বহনকারী গাড়িটি শাহজাহানপুর রেলগেটের কাছে পৌঁছালে তিনি তাকে লক্ষ্য করে গুলি চালান।

পুলিশের ভাষ্যমতে আকাশ আরও চারটি ফৌজদারি মামলার ফেরারি আসামি।

উল্লেখ্য, জাহিদুল গাড়িতে করে এবং প্রীতি রিকশায় করে বাসায় ফেরার সময় বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ইসলামি ব্যাংক হাসপাতালের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ছাড়া এ ঘটনায় জাহিদুলের গাড়িচালক গুলিবিদ্ধ হয়ে আহত হন।

নিহত জাহিদুল ইসলাম টিপু আওয়ামী লীগের মতিঝিল থানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং সামিয়া আফরিন প্রীতি বদরুন্নেসা সরকারি কলেজের ছাত্রী ছিলেন।

পুলিশ জানায় “তারা সবাই যানজটে আটকা পড়েছিলেন। এ সময় মুখে মাস্ক ও হেলমেট পরা এক ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারা তিনজনই গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রাত ১১টার দিকে জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে জোড়া খুনের ঘটনায় শুক্রবার অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়।”

This item is part of
XS
SM
MD
LG