অ্যাকসেসিবিলিটি লিংক

পুতিন সম্পর্কে মন্তব্য ছিল “নৈতিক ক্ষোভের” বহিঃপ্রকাশ—বাইডেন

ইউক্রেনের কিয়েভ অঞ্চলের ফ্রন্ট লাইনে একটি রাশিয়ান ট্যাংকের ধ্বংসাবশেষের কাছে একজন ইউক্রেনীয় সেনাসদস্য দাঁড়িয়ে আছেন। ২৮ মার্চ ২০২২
ইউক্রেনের কিয়েভ অঞ্চলের ফ্রন্ট লাইনে একটি রাশিয়ান ট্যাংকের ধ্বংসাবশেষের কাছে একজন ইউক্রেনীয় সেনাসদস্য দাঁড়িয়ে আছেন। ২৮ মার্চ ২০২২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার (২৮ মার্চ) বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন “ক্ষমতায় থাকতে পারবেন না” - তার এই মন্তব্যের প্রেক্ষিতে তিনি “ক্ষমা চাইবেন না”। তিনি জোর দিয়ে বলেছেন যে, তিনি “নৈতিক ক্ষোভ প্রকাশ করছেন” এবং আসলে মস্কোতে শাসনক্ষমতা পরিবর্তনের আহ্বান জানাননি।

“এই ধরনের লোকেদের কোনো দেশের শাসক হওয়া উচিত নয়, যদিও তারা শাসন করেন। তারা করেন বলেই তার মানে এই নয় যে, আমি এর সম্পর্কে আমার ক্ষোভ প্রকাশ করতে পারব না”, সোমবার হোয়াইট হাউজে বাইডেন সাংবাদিকদের বলেন।

“আমি নীতি পরিবর্তনের কথা বলছি না”, তিনি বলেছিলেন।

শনিবার (২৬ মার্চ) পোল্যান্ডে ইউক্রেনীয় শরণার্থী এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলার সময় পুতিন সম্পর্কে প্রেসিডেন্টের এই অলিখিত মন্তব্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিম ইউরোপের কিছু দেশে বিতর্ক ও বিস্ময়ের জন্ম দেয়।

তার মন্তব্য ইউক্রেনের যুদ্ধ নিয়ে উত্তেজনা বাড়াতে পারে এমন ধারণা প্রত্যাখ্যান করে বাইডেন বলেন, “শেষ পর্যন্ত আমি যা করতে পারি তা হলো, রাশিয়ার সঙ্গে স্থল যুদ্ধ বা পারমাণবিক যুদ্ধে জড়িত হওয়া”।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, ইতিমধ্যে, রাশিয়ার সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হওয়া বন্ধ করে দিয়েছে এবং পূর্ব ইউক্রেনের অঞ্চলগুলোতে আবারও মনোযোগ দিয়েছে।

কর্মকর্তারা মন্তব্য করেন, মস্কোর সর্বশেষ সামরিক পরিবর্তনটি পূর্বাঞ্চলে ইউক্রেনীয় বাহিনীকে বিচ্ছিন্ন করার একটি প্রচেষ্টা বলে মনে হচ্ছে। তারা বলেন, এটা যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনের প্রতিনিধিদের শান্তি আলোচনায় “রাশিয়ানদের দ্বারা আলোচনার সুবিধা অর্জনের একটি কৌশল হতে পারে’।

ভাড়াটে সেনা

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক সোমবার বলেছে যে, একটি ব্যক্তিগত রাশিয়ান ভাড়াটে কোম্পানি, ওয়াগনার গ্রুপ, পূর্ব ইউক্রেনে মোতায়েন করা হয়েছে।

“তারা যুদ্ধ অভিযান পরিচালনার জন্য সংগঠনের জ্যেষ্ঠ নেতাসহ এক হাজারের বেশি ভাড়াটে সেনা মোতায়েন করবে বলে আশা করা হচ্ছে”, মন্ত্রক বলেছে। এতে আরও বলা হয়, সিরিয়া ও আফ্রিকা থেকে সেনা প্রত্যাহার করা হচ্ছে।

২০১৪ সালে অবৈধভাবে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখলের পর থেকে রাশিয়া পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিয়ে আসছে।

ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার সেনাদের বেশির ভাগ বড় শহর দখলে বাধা দিয়েছে।

মেয়রের কার্যালয় অনুসারে, গত মাসে আক্রমণ শুরু হওয়ার পর থেকে রাশিয়া দক্ষিণের শহর মারিউপোলে ব্যাপক বোমাবর্ষণ করেছে এবং এতে ২০০ জনের বেশি শিশুসহ প্রায় ৫ হাজার মানুষ নিহত হয়েছেন।

মারিউপোলের মেয়র সোমবার বাকি ১ লাখ ৬০ হাজার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী অবশ্য বলেছেন, চলাচলের সময় সম্ভাব্য রুশ হামলার গোয়েন্দা প্রতিবেদনের কারণে কোনো মানবিক করিডোর খোলা হবে না।

শান্তি আলোচনা

রাশিয়ার সঙ্গে নতুন শান্তি আলোচনার ঠিক আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, তার দেশের “সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা” তার প্রথম অগ্রাধিকার।

“আমরা আর বিলম্ব না করে শান্তি চাচ্ছি”, জেলেন্সকি রবিবারের (২৭ মার্চ) শেষার্ধে একটি ভিডিও বার্তায় বলেন। “তুরস্কে মুখোমুখি বৈঠকের একটি সুযোগ ও প্রয়োজন রয়েছে। এটা খারাপ না। দেখা যাক ফলাফল কী হয়”।

এর আগে রবিবার রাশিয়ার সাংবাদিকদের সঙ্গে কলে জেলেন্সকি বলেন, শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেন একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের জন্য প্রস্তুত আছে। তবে তা যদি তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে নিশ্চয়তা দেওয়া হয় এবং গণভোটের মাধ্যমে হয়।

তুরস্ক শিগগিরই একটি আলোচনার আয়োজন করতে যাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সোমবার বলেছেন যে, তিনি মঙ্গলবার আলোচনার আগে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের প্রতিনিধিদলের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাত করবেন।

জাতিসংঘ বলেছে যে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে ১ কোটি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। দেশ ছেড়ে পালিয়েছেন ৩৮ লাখেরও বেশি।

আক্রমণের প্রতিক্রিয়ায়, নেটো জোট তার পূর্ব দিকের প্রতিরক্ষা বৃদ্ধি করেছে এবং গত সপ্তাহে বুলগেরিয়া, হাঙ্গেরি, রোমানিয়া ও স্লোভাকিয়ার জন্য চারটি নতুন যুদ্ধবাহিনী ঘোষণা করেছে। পৃথক নেটো সদস্যরাও একতরফাভাবে পোল্যান্ড ও বাল্টিক দেশসহ মিত্র দেশগুলোতে সেনা ও সরঞ্জাম প্রেরণ করেছে।

[এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য দ্য অ্যাসোসিয়েটেড প্রেস, এজেন্সি ফ্রান্স-প্রেস ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে]

XS
SM
MD
LG