অ্যাকসেসিবিলিটি লিংক

অস্কারের মঞ্চে উইল স্মিথের চড়ের নিন্দা করেছে একাডেমি—শুরু করেছে তদন্ত  

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কারের মঞ্চে উপস্থাপক ক্রিস রককে আঘাত করছেন উইল স্মিথ (ডানে)। ২৭ মার্চ ২০২২
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কারের মঞ্চে উপস্থাপক ক্রিস রককে আঘাত করছেন উইল স্মিথ (ডানে)। ২৭ মার্চ ২০২২

একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস সোমবার (২৮ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে কৌতুক অভিনেতা ক্রিস রককে চড় মারার জন্য উইল স্মিথের আচরণের নিন্দা করে ঘোষণা করেছে যে, তারা একটি তদন্ত শুরু করছে।

৯৪তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের লাইভ সম্প্রচারকালে স্মিথের স্ত্রী জেডা পিনকেট স্মিথকে নিয়ে কৌতুক অভিনেতা রক কৌতুক করার পরে স্মিথ রকের মুখে চড় মারেন।

“একাডেমি গত রাতের শোতে মি. স্মিথের আচরণের নিন্দা করছে”, বিবৃতিতে বলা হয়েছে। “আমরা ... আমাদের আচরণবিধি, আচরণের মান ও ক্যালিফোর্নিয়ার আইন অনুসারে আরও পদক্ষেপ এবং পরিণতি বিবেচনা করে দেখব”।

একাডেমির আচরণবিধি অনুসারে, এ ধরনের আচরণের ফলে “সদস্যপদ স্থগিত বা বহিষ্কার” করা হতে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে, এই আচরণবিধি লঙ্ঘনের ফলে হার্ভে ওয়েইনস্টেইন, বিল কসবি ও রোমান পোলানস্কির মতো সদস্যদের অপসারণ করা হয়েছে। তাদের যৌন নিপীড়নমূলক আচরণের অভিযোগে বহিষ্কার করা হয়েছিল।

উল্লেখ্য, কৌতুকাভিনেতা রক কোনো অভিযোগ দায়ের করেননি।

“এলএপিডি তদন্তকারী সংস্থা একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান চলাকালে দুই ব্যক্তির মধ্যে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে অবগত আছে। এ ঘটনায় একজন আরেকজনকে চড় মারেন। জড়িত ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ দাখিল করতে অস্বীকার করেছে”, গণমাধ্যমকে দেওয়া এক অফিসিয়াল বিবৃতিতে এলএপিডি বলেছে। “যদি জড়িত পক্ষ পরবর্তী তারিখে অভিযোগ দাখিল করতে চায়, তাহলে এলএপিডি তদন্ত করবে”।

সেরা তথ্যচিত্রের জন্য পুরষ্কার ঘোষণার আগে পিনকেট স্মিথকে উদ্দেশ্য করে রক বলেন, “জেডা, আমি তোমাকে ভালোবাসি। ‘জি.আই. জেন ২’, দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি”। উল্লেখ্য, ১৯৯৭ সালের চলচ্চিত্র “জি.আই.জেন”-এ অভিনেত্রী ডেমি মুরের মাথা কামানো চরিত্রের সঙ্গে তুলনা করা হয় জেডার।

পিনকেট স্মিথকে এই মন্তব্যের পরে চোখ পাকাতে দেখা যায়। তার স্বামী স্মিথ মঞ্চে উঠে আসেন এবং লাইভ সম্প্রচারের সময় রকের মুখে থাপ্পড় মারেন। যা কিছুক্ষণ পরেই ভাইরাল হয়ে যায়।

স্মিথ আবার তার আসন গ্রহণ করার পরে কৌতুক অভিনেতার প্রতি অশ্লীল বাক্যও ব্যবহার করেন এবং দাবি করেন, তিনি (রক) যেন স্মিথের স্ত্রী সম্পর্কে কথা না বলেন।

৫০ বছর বয়সী পিনকেট স্মিথ অ্যালোপেসিয়ার কারণে চুল পড়া নিয়ে তার সংগ্রামের বিষয়ে বেশ সোচ্চার ছিলেন। তিনি ২০১৮ সালে তার ফেসবুক টক শো সিরিজ রেড টেবিল টকের একটি সেগমেন্টের সময় প্রকাশ্যে তার অসুখের কথা প্রকাশ করেন।

প্রাথমিকভাবে অনুষ্ঠান শেষ হওয়ার পরে একাডেমি শুধুমাত্র তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে একটি বিবৃতি জারি করেছিল।

টুইটে বলা হয়েছে, “একাডেমি কোনো ধরনের সহিংসতাকে প্রশ্রয় দেয় না”।

পরে রবিবার সন্ধ্যায়, “কিং রিচার্ড” ছবিতে টেনিস চ্যাম্পিয়ন ভেনাস ও সেরেনা উইলিয়ামসের পিতা রিচার্ড উইলিয়ামসের চরিত্রে প্রধান ভূমিকায় অভিনয়ের জন্য স্মিথকে সেরা অভিনেতার পুরষ্কার প্রদান করা হয়৷

পুরষ্কার গ্রহণের সময় বক্তৃতাকালে স্মিথ আবেগপ্রবণ হয়ে একাডেমি এবং তার সহকর্মী মনোনীতদের কাছে ক্ষমা চান। কিন্তু সরাসরি রকের উল্লেখ করেননি।

“ভালোবাসা আপনাকে পাগলামি করতে বাধ্য করবে”, স্মিথ তার আচরণ সম্পর্কে বলেন।

“ধন্যবাদ। আমি আশা করি একাডেমি আমাকে আবার আমন্ত্রণ জানাবে”।

XS
SM
MD
LG