মঙ্গলবার নেদারল্যান্ডস ঘোষণা করেছে যে, তাদের “জাতীয় নিরাপত্তার জন্য হুমকি” হিসেবে চিহ্নিত করে তারা ১৭ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রক জানায়, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এরকম আভাস পাওয়া গেছে যে এই ১৭ জন “গোয়েন্দা কর্মকর্তা হিসেবে গোপনে সক্রিয়” এবং এটিই তাদের বহিষ্কারের কারণ।
পররাষ্ট্র মন্ত্রক আরও জানায়, “নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোয়েন্দাগিরির প্রচন্ড হুমকি রয়েছে।বৃহত্তর অর্থে রাশিয়ার বর্তমান মনোভাব এই গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতি অবাঞ্ছিত করে তোলে।“
তারা বলেছে, অন্য কয়েকটি দেশের সাথে পরামর্শ করার পরে তারা এই পদক্ষেপ নিয়েছে।
ডাচ পররাষ্ট্রমন্ত্রী ওয়াপকে হোয়েকস্ট্রা বলেছেন, রাশিয়া যদি রাশিয়ায় ডাচ কর্মকর্তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয় সেজন্য নেদারল্যান্ডস প্রস্তুত।
যুক্তরাষ্ট্র ,পোল্যান্ড,বুলগেরিয়া,স্লোভাকিয়া,এস্তোনিয়া,লাটভিয়া,লিথুয়ানিয়া এবং মন্টিনিগ্রোও সম্প্রতি অনুরূপ পদক্ষেপ নিয়েছে।
এ প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।