অ্যাকসেসিবিলিটি লিংক

ডারবান টেস্টে ২৭৪ রানের লক্ষ্যে নেমে শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ

ডারবান টেস্টের চতুর্থ দিনঃ বাংলাদেশ বনাম দঃ আফ্রিকা
ডারবান টেস্টের চতুর্থ দিনঃ বাংলাদেশ বনাম দঃ আফ্রিকা

দারুণ এক সমাপ্তির অপেক্ষায় শেষ হয়েছে ডারবান টেস্টের চতুর্থ দিনের খেলা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য ২৭৪ রান করতে হবে বাংলাদেশকে। এর আগে ২১৫ রান তাড়া করে টেস্ট জিতেছিল বাংলাদেশ। সেটি ২০০৯ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেন্ট জর্জেসে।

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে দারুণ বোলিং করেছেন বাংলাদেশি বোলাররা। কয়েকটি ক্যাচ না পড়লে দক্ষিণ আফ্রিকা আরও আগেই গুটিয়ে যেতে পারত। মেহেদী হাসান মিরাজ আর ইবাদত হোসেন—দুজনেই নিয়েছেন ৩টি করে উইকেট। কাঁধের চোটে বোলিং করা নিয়ে অনিশ্চয়তা থাকলেও তাসকিন আহমেদ ১১ ওভার বোলিং করে মাত্র ২৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

রবিবার (৩ এপ্রিল) চতুর্থ দিন দক্ষিণ আফ্রিকা প্রথম সেশনে ৯৯ রান তুলে হারিয়েছিল ১ উইকেট। কিন্তু দ্বিতীয় সেশনেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়ে তুলে নেয় ৪ উইকেট।

মোটকথা ডারবান টেস্টের চতুর্থ দিন ব্যাটে–বলে দুই দলের লড়াইটা হয়েছে দুর্দান্তই। তবে এ সেশনে অবিশ্বাস ক্যাচ হাতছাড়া হওয়াটাই কাল হয়েছে বাংলাদেশের। ওই ক্যাচগুলো নিতে পারলে প্রোটিয়াদের আরও চাপে ফেলা যেত।

দক্ষিণ আফ্রিকা চা বিরতিতে গিয়েছিল ২২৬ রানে এগিয়ে থেকে। হাতে ছিল ৫ উইকেট। চা বিরতির পর ৫৬

রানে শেষ ৫ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ২৭৪ রানে।

টেস্ট জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেইে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। দলীয় ৪ রানের মাথায় সাইমন হারমারের বলে স্লিপে কিগান পিটারসেনকে ক্যাচ দিয়েছেন সাদমান ইসলাম। শুরুতেই বড় ধাক্কা। কিন্তু সেই ধাক্কা সামলাতে না সামলাতেই আউট প্রথম ইনিংসে শতরান করা মাহমুদুল হাসান। দলীয় ৬ রানে কেশব মহারাজের বলে বোল্ড তিনি। দ্বিতীয় ইনিংসে মাহমুদুল করেছেন ৪ রান। তবে বিপর্যয়ের ষোলোকলা পূর্ণ হয় অধিনায়ক মুমিনুল হকের ফেরায়। তিনিও কেশব মহারাজের শিকার। ১১ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ এখন মহা বিপদে। সোমবার পঞ্চম দিনে ৭ উইকেট হাতে নিয়ে ২৬৩ রানের লক্ষ্য ঝাঁপাতে হবে বাংলাদেশকে। উইকেটে আছেন নাজমুল হোসেন ও মুশফিকুর রহিম।

চতুর্থ দিন কিছু ৫০–৫০ সিদ্ধান্ত বাংলাদেশের বিরুদ্ধে গেছে। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে সেদিকেই দৃষ্টি আকর্ষণ করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ।

তিনি বলেন, “আম্পায়ারিংটা আরও ধারাবাহিক হওয়া উচিত। মানুষের ভুল হতেই পারে। আমি এই টেস্টের মতো এমন অধারাবাহিক আম্পায়ারিং খুবই কম দেখেছি। করোনার পর সবকিছু যখন খুলে দেওয়া হয়েছে, টেস্টে নিরপেক্ষ আম্পায়ারও ফেরানো উচিত”।

প্রাথমিক বিপর্যয়ের পরেও বাংলাদেশ কাল জয়ের জন্যই খেলবে বলে জানিয়েছেন খালেদ মাহমুদ।

This item is part of
XS
SM
MD
LG