অ্যাকসেসিবিলিটি লিংক

১২ কেজি এলপিজির দাম বাড়লো ৪৮ টাকা

এলপিজি'র সিলিন্ডার
এলপিজি'র সিলিন্ডার

খুচরা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৮ টাকা বাড়িয়ে এক হাজার ৩৯১ টাকা থেকে এক হাজার ৪৩৯ টাকা পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জিরেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রবিবার সন্ধ্যা ৬টা থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে জানান বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল।

এদিকে, অটোমোবাইলের জন্যে ব্যবহৃত গ্যাসের দামও বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে প্রতি লিটার গ্যাসের দাম ৬৩ দশমিক সাত টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৬৭ দশমিক দুই টাকা।

বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল বলেন, “রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সৌদি সিপির (চুক্তি মূল্য), বৈশ্বিক মূল্যবৃদ্ধি এবং টাকা-ডলারের বিনিময় হার বৃদ্ধির জন্য এলপিজির দাম নতুন করে ঠিক করতে হলো।”

এখন প্রতি ডলারের বিনিময় হার ৮৫ দশমিক ২৫ টাকা, যা আগে ছিল ৮৫ দশমিক শূণ্য সাত টাকা।

বিইআরসি চেয়ারম্যান আরও বলেন, সৌদি চুক্তির মূল্য বিশ্বব্যাপী প্রতি মেট্রিক টন ৯১১ দশমিক ২৫ মার্কিন ডলার থেকে ৯৫৩ মার্কিন ডলার হয়েছে।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দাম বাড়বে নাকি কমবে, তা বলা কঠিন বলেও উল্লে করেন বিইআরসি চেয়ারম্যান।

এলপিজি শিল্পের সঙ্গে ঘনিষ্ট ব্যক্তিরা জানান, সৌদি সিপি সাধারণত প্রতি মাসের শেষে ঘোষণা করা হয় পরের মাসে এটি কার্যকর করার জন্য। আর, দেশে জ্বালানির চালান আসতে সাত থেকে দশ দিন সময় লাগে।

বেশিরভাগ বাংলাদেশি ব্যক্তি মালিকানার কোম্পানি, সৌদি সিপির ভিত্তিতে মধ্যপ্রাচ্য থেকে তাদের বাল্ক এলপিজি আমদানি করে এবং স্থানীয়ভাবে বাজারজাত করে।

This item is part of
XS
SM
MD
LG