বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা পাঁচ দিন বাংলাদেশে করোনায় কেউ মারা যাননি। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
এ নিয়ে বাংলাদেশে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ২৩ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৩ জনেই রয়ে গেছে।
শনিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে শনাক্তের হার শূন্য দশমিক ৬২ শতাংশ।
বাংলাদেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৬১০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৭ হাজার ৯৩৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৭২ শতাংশ।