যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে, এলাকাভিত্তিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন,জাতিসংঘের মানবতা বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস। অবরুদ্ধ এলাকাগুলোতে মানবিক সহায়তা পৌঁছানোর জন্যে এবং বিভিন্ন এলাকায় আটকে পড়া বেসামরিক মানুষ যাতে সরে যেতে পারে, সেলক্ষ্যে এমন আহবান জানান তিনি।
ইউক্রেনে একটি মানবিক যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে এই সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে আলোচনা করেন গ্রিফিথস। ইউক্রেন সফরের পথে, মস্কোতে সোমবার যাত্রাবিরতি করেন তিনি। জাতিসংঘের মানবতা বিষয়ক সহকারী মহাসচিব ও জরুরি ত্রাণ সমন্বয়কের দায়িত্বে রয়েছেন মার্টিন গ্রিফিথস।
যুদ্ধবিরতি নিশ্চিত হয়নি গ্রিফিথস-এর আলোচনায়। তবে, এ বিষয়ে জাতিসংঘের মানবতা বিষয়ক মুখপাত্র জ্যাঁ লারকে শুক্রবার বলেন, বৈঠকটিকে গ্রিফিথস একটি দীর্ঘ প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে দেখছেন। গ্রিফিথস মনে করেন যে, যুদ্ধরত পক্ষগুলোর কাছে এলাকাভিত্তিক যুদ্ধবিরতির বার্তা পৌঁছানো জরুরি।
লারকে জানান, ইউক্রেন সফরকালে গ্রিফিথস কিয়েভের উপকণ্ঠে, বুচা ও ইরপিন শহরের মৃত্যু ও ধ্বংসযজ্ঞের একটি বাস্তব চিত্র দেখতে পেয়েছেন। তিনি বুচায় গণকবর এবং ডজনকয়েক ধ্বংসপ্রাপ্ত ভবন দেখতে পেয়েছেন। গ্রিফিথস এমন দৃশ্যকে ভয়াবহ বর্ণনা করে; রুশ সেনাবাহিনীর ধ্বংসলীলার অভিযোগ তদন্তের আহ্বান জানান। লারকে জানান যে, ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশ ভাষাভাষী অঞ্চলের ভবিষ্যত নিয়ে গ্রিফিথস উদ্বিগ্ন। ইউক্রেন ত্যাগের আগে গ্রিফিথস গণমাধ্যমকে জানিয়েছেন যে, যুদ্ধবিরতির ব্যাপারে তিনি আশাবাদী নন।
ইউক্রেনে এলাকাভিত্তিক যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ কর্মকর্তার