অ্যাকসেসিবিলিটি লিংক

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদারের বিরুদ্ধে এ অভিযোগ করেন ওই বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী এ বি এম মুশফিকুর রহমান।

অভিযোগ সূত্রে জানা গেছে, মুশফিকুর রহমান দুপুর দেড়টার দিকে একাডেমিক ভবনের চারতলা থেকে নিচতলায় যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদার তাকে ডাক দেন। জায়গাটি কোলাহলপূর্ণ থাকায় ওই ডাক শুনতে না পেয়ে নিচতলার উদ্দেশে হেঁটে যান মুশফিকুর রহমান। এতে সুপ্রভাত হালদার ক্ষিপ্ত হয়ে তাকে শার্টের কলার ধরে টানাহেচড়া শুরু করেন।

এক পর্যায়ে ওই শিক্ষার্থী এর কারণ জানতে চাইলে সুপ্রভাত হালদার কোনো উত্তর না দিয়ে শার্টের কলার ধরে টানতে টানতে তাকে নিজের কক্ষে নিয়ে উপর্যুপরি লাঞ্ছিত করেন ও শার্ট ছিড়ে ফেলেন।

শিক্ষার্থী মুশফিকুর রহমানের অভিযোগ, সুপ্রভাত হালদার তার কক্ষে নিয়ে তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং একাডেমিক ক্যারিয়ার ধ্বংসের হুমকিসহ নানাবিধ হুমকি দেন। পরে এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম দেখতে পেয়ে ওই শিক্ষার্থীকে বের করে নিয়ে আসেন।

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম জানান, “দুপুরে আইন বিভাগের ক্লাস চলাকালে ওই শিক্ষার্থীসহ আরও কয়েকজন ক্লাস রুমের বাইরে হইচই করছিলেন। এ ঘটনায় আইন বিভাগের সহকারী অধ্যাপক ওই শিক্ষার্থীদের হইচই করতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। দুজনকেই বিষয়টি বুঝিয়ে মীমাংসা করে দেওয়া হয়েছে। তারপরও ওই শিক্ষার্থী সন্ধ্যায় উপাচার্য বরাবর লিখিত অভিযোগ কেন দিয়েছেন আমার জানা নেই”।

এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও সুপ্রভাত হালদারের মন্তব্য পাওয়া যায়নি।

XS
SM
MD
LG