অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটিশ আইনপ্রণেতার হত্যাকারীর যাবজ্জীবন কারাদন্ড

সহকারী কমিশনার ম্যাট জুকস প্রয়াত ব্রিটিশ আইনপ্রণেতা ডেভিড অ্যামেসের পরিবারের একটি বিবৃতি পড়ে শোনান। ১৩ এপ্রিল,২০২২।
সহকারী কমিশনার ম্যাট জুকস প্রয়াত ব্রিটিশ আইনপ্রণেতা ডেভিড অ্যামেসের পরিবারের একটি বিবৃতি পড়ে শোনান। ১৩ এপ্রিল,২০২২।

গত শরৎকালে একজন ব্রিটিশ সংসদ সদস্যকে ছুরিকাঘাতে হত্যাকারী ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

গত অক্টোবরে ইসলামিক স্টেট গোষ্ঠী দ্বারা অনুপ্রাণিত আলী হারবি আলী (২৬) একটি গির্জার অনুষ্ঠানে কনজারভেটিভ পার্টির সদস্য ডেভিড অ্যামেসকে (৬৯) আক্রমণ করেন ও হত্যা করেন।আলী বলেছিলেন, এই হামলাটি সিরিয়ায় বিমান হামলায় অ্যামেসের সমর্থনের প্রতিশোধ।

বিচার চলাকালীন প্রসিকিউটররা আলীকে “প্রতিজ্ঞাবদ্ধ, ধর্মান্ধ, উগ্র ইসলামপন্থি সন্ত্রাসী” বলে অভিহিত করেন । আলী গোয়েন্দাদের বলেছিলেন যে, তিনি বছরের পর বছর ধরে একজন সংসদ সদস্যকে হত্যা করার পরিকল্পনা করছিলেন।

আলীকে দোষীসাব্যস্ত করতে জুরির মাত্র ১৮ মিনিট সময় লেগেছে।

সাজা ঘোষণার পর আদালতের বাইরে এক বিবৃতিতে মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ম্যাট জুকস বলেছেন, “ এটা স্পষ্ট যে, যে ব্যক্তি আজ যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হয়েছে, সে একজন ঠান্ডা মাথার, সুচতুর ও বিপজ্জনক ব্যক্তি।“

সাজা ঘোষণার পর অ্যামেসের পরিবার একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে।

তারা বলেন, “আমাদের চমৎকার স্বামী ও পিতাকে ভয়ানক ও হিংস্রভাবে আমাদের কাছ থেকে কেড়ে নেয়া হয়েছে। কোনোকিছু দিয়েই এ ক্ষতি পূরণ হবে না।“ তারা আরও বলেন, “ আমরা আমাদের বাকি জীবনের প্রতিটি দিন সংগ্রাম করবো। ঘুমানোর আগে আমাদের শেষ চিন্তা হবে ডেভিড। যে মানুষটিকে আমরা হারিয়েছি তার জন্য আমরা সারাজীবন চোখের জল ফেলবো। আমরা কখনোই এই ট্র্যাজেডি কাটিয়ে উঠতে পারবো না।“

এ প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG