অ্যাকসেসিবিলিটি লিংক

মুন্সিগঞ্জের আলোচিত বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল ২৮ দিন পর ক্লাসে

বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্তি পাওয়া বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল ২৮ দিন পর কর্মস্থলে যোগদান করে ক্লাস নিয়েছেন। পরে বিদ্যালয় মাঠে সম্প্রীতি সমাবেশে তাকে সম্মান জানানো হয়।

বিজ্ঞানের ক্লাসে আলোচনার সূত্র ধরে ১৯ দিন কারাবাস এবং জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার আরও ৯ দিন অপেক্ষার পর মঙ্গলবার (১৯ এপ্রিল) তিনি নিজ কর্মস্থলে যোগদান করেন। পরে তিনি রুটিন অনুযায়ী বিজ্ঞান ও গণিতের ক্লাস নেন। প্রিয় শিক্ষক ফিরে আসায় শিক্ষার্থীরাও খুশি। এর আগে ১৩ এপ্রিল বিদ্যালয়ে এসে তদন্ত কমিটির মুখোমুখি হন তিনি। ১০ এপ্রিল তার জামিন মঞ্জুর হয়।

এই যোগদানকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠে বিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রীতি সভার আয়োজন করে। এতে হৃদয় মণ্ডলকে ফুল দিয়ে তার ত্যাগের জন্য সম্মান জানানো হয়।

বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল বলেন, “আমি আজ খুব খুশি। আমি আমার প্রিয় প্রতিষ্ঠানে আবার ফিরে আসতে পেরেছি। ক্লাস করতে পারছি। এটি পরম পাওয়া। আমার খুব শান্তি লাগছে। আমি সব ভুলে গেছি। আবার সব নতুন করে আগের মত সবার সঙ্গে সস্প্রীতি রেখে শুরু করেছি”।

তিনি বলেন, “ছাত্রদের প্রতি আমার কোনো কষ্ট বা ক্ষোভ নেই। ওদের আমি ক্ষমা করে দিয়েছি। কিন্তু কোমলমতি শিক্ষার্থীদের যারা ব্যবহার করেছে, যারা এই ঘটনার পেছনের মাথা তাদের তো শাস্তি হওয়া দরকার”।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হোসেন বলেন, “শিক্ষক হৃদয় মণ্ডল আজকে ক্লাসে গেছেন। এতে আমি খুব খুশি। যে কুচক্রী মহল এই শিক্ষককে যেভাবে হেনস্তা করতে চেয়েছিল তাতে তারা সফল হয়নি। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজকে যেভাবে তাকে গ্রহণ করেছে এটাই তার প্রমাণ। আমি এক মাস তিন দিন দেশের বাইরে ছিলাম। আমি থাকলে হয়তো এ ঘটনা ঘটত না। আমার খুব খারাপ লেগেছে আমার অনুপস্থিতির সময়ে এই ঘটনা ঘটেছে”।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ বলেন, “আমার বিদ্যালয়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল হৃদয় মণ্ডল যোগদান করায় সেই শূন্যতা পূরণ হয়েছে। শিক্ষার্থীরাও খুশি হয়েছে। স্কুলের হাতে গোনা কয়েক শিক্ষার্থীর জন্য আমার স্কুলের সুনামও নষ্ট হয়েছিল। আজকে সমাবেশে আমরা দেখেছি আপামর ছাত্রছাত্রী শিক্ষক ম্যানেজিং কমিটি, আশপাশের লোকজন সবাই এসেছে। তাদের ভুলটা তারা বুঝতে পেরেছেন। আমরা আমাদের হারানো ঐতিহ্য যাতে আবার ফিরিয়ে নিতে পারি সে জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। সে জন্য আমরা যৌথভাবে উদ্যোগ নিয়েছি। ইনশাল্লাহ আমাদের স্কুল আগামীতে আরও এগিয়ে যাবে। ভালো ফলাফল করবে। স্কুলের যে একটা বদনাম হলো সেটা যেন ভবিষ্যতে আর না হয় সেই ফাঁকফোঁকরগুলো আমরা অচিরেই বন্ধ করে দেব”।

মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব বলেন, “আজকে সকল শিক্ষক শিক্ষার্থীদের যে মিলনমেলা সেটা অত্র এলাকার এবং স্কুলের দুষ্টদের দমন করতে অবশ্যই সাহায্য করবে। ছাত্র এবং শিক্ষকদের এই ঘটনায় যে জড়তা সৃষ্টি হয়েছিল সেটা কাটানোর জন্য আজকের এই মিলনমেলায় আমরাও একত্রিত হয়েছি”। তিনি ম্যানেজিং কমিটিকে শিক্ষক হৃদয় মণ্ডলের কোয়ার্টার এবং এর আশপাশে সিসি ক্যামেরা লাগিয়ে দিতে বলেছেন।

উল্লেখ্য, গত ২০ মার্চ বিজ্ঞান ক্লাসে আলোচনার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর ২২ মার্চ বিক্ষোভ হয়। পরে গ্রেপ্তার করা হয় শিক্ষক হৃদয় মণ্ডলকে। হৃদয় মণ্ডল প্রায় ২১ বছর ধরে বিদ্যালয়টিতে বিজ্ঞান ও অঙ্ক পড়ান।

তদন্ত কমিটির রিপোর্ট জমা হচ্ছে কাল

এদিকে শিক্ষা অধিদপ্তরের গঠিত এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি পাঁচ কর্মদিবস শেষ হলেও রিপোর্ট জমা দেয়নি। তবে তদন্ত কমিটির একমাত্র সদস্য সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হাই তালুকদার জানান, পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। বুধবার শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর রিপোর্ট পেশ করা হবে। তদন্তের রিপোর্ট সম্পর্কে কিছু বলতে রাজি হননি তিনি। তবে তিনি জানান, সংশ্লিষ্ট সকলের সাক্ষ্য গ্রহণ করে প্রকৃত ঘটনাই তদন্ত রিপোর্টে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

XS
SM
MD
LG